বাংলাদেশের বিদ্যমান আইনের ইসলামিকরণ: সমস্যা ও উত্তরণের উপায়
(২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বাইতুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, চট্টগ্রাম এবং ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থাপিত কী-নোট বক্তব্য)
সম্মানিত সভাপতি, বিজ্ঞ মডারেটর, বরেণ্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, বিশিষ্ট আইনজ্ঞ, শিক্ষাবিদ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে ‘বাংলাদেশের বিদ্যমান আইনের ইসলামিকরণ: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়ে কী-নোট বক্তব্য প্রদানের সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
১. ভূমিকা: আলোচনার প্রেক্ষাপট
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। অথচ বাস্তবতার দিকে তাকালে আমরা দেখতে পাইÑন্যায়বিচার, আইনের শাসন, মানবিক মর্যাদা ও সামাজিক ভারসাম্যÑএই মৌলিক বিষয়গুলো নিয়ে সমাজের সর্বস্তরে গভীর অসন্তোষ ও প্রশ্ন বিদ্যমান। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, আইনের অপব্যবহার এবং সামাজিক বৈষম্য সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করেছে।
প্রশ্ন হলোÑএই সংকট কি কেবল প্রশাসনিক ব্যর্থতা ও দুর্বলতার ফল? নাকি আমাদের আইনব্যবস্থার নৈতিক ভিত্তি ও আইনদর্শনের সঙ্গেও তা গভীরভাবে সম্পর্কিত?
আজ যে বিষয়ে আলোচনার জন্য এ সেমিনারের আয়োজন, তা কোনো আবেগনির্ভর শ্লোগান বা তাৎক্ষণিক দাবি নয়; বরং একটি একাডেমিক, নীতিগত ও বাস্তবভিত্তিক অনুসন্ধান, যেখানে আমরা আইনের ইসলামিকরণকে ন্যায়বিচার, মানবিকতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার আলোকে বিচার করতে চাই।
২. আইনের ইসলামিকরণ: কী বোঝায়?
আইনের ইসলামিকরণ বলতেই সাধারণত অনেকের মনে কেবল ইসলামী দ-বিধি বা শাস্তিমূলক বিধান কার্যকর করার বিষয়টি প্রতিভাত হয়। এই ধারণা বাস্তবতার তুলনায় অত্যন্ত সংকীর্ণ এবং তাত্ত্বিকভাবে বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, আইনের ইসলামিকরণ একটি বিস্তৃত ও সমন্বিত নীতিগত-আইনি সংস্কার প্রক্রিয়া। এর লক্ষ্য হলো কুরআন, সুন্নাহ এবং ইসলামী আইনচিন্তার মৌলিক নীতিমালার আলোকে বিদ্যমান রাষ্ট্রীয় আইনব্যবস্থাকে ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সামাজিক কল্যাণের ভিত্তিতে পুনর্গঠন করা। এ প্রক্রিয়ার আওতায় শরীয়া নীতিসমূহকে বিধিবদ্ধ আইনে (ঝঃধঃঁঃড়ৎু খধ)ি রূপদান, বিদ্যমান আইনসমূহের সংস্কার এবং বিচার ও প্রয়োগব্যবস্থাকে ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়; পাশাপাশি ফৌজদারি ও সিভিল আইন, অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থা, পারিবারিক আইন এবং সামাজিক-নৈতিক কাঠামোর কার্যকর ও ন্যায়সঙ্গত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
৩. বাংলাদেশের আইনব্যবস্থা: ঐতিহাসিক বাস্তবতা
আমাদের বিদ্যমান আইনব্যবস্থা মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার। ১৮৬০ সালের দ-বিধি, ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিÑসবই পাশ্চাত্য আইনদর্শনের ভিত্তিতে প্রণীত। এর ফলে কাজী ও শরীয়াভিত্তিক বিচারব্যবস্থা বিলুপ্ত হয়, ধর্ম ও আইনকে সম্পূর্ণ পৃথক করা হয়, নৈতিকতা থেকে আইন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্বাধীনতার পর সংবিধানে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত হওয়ায় এই প্রবণতা আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।
৪. মূল সমস্যা: কেন আইনের ইসলামিকরণ কঠিন হয়ে ওঠেছে?
এখানে আমরা ছয়টি মৌলিক প্রতিবন্ধকতা সংক্ষেপে তুলে ধরতে চাইÑ
এক. সংবিধানিক আইনদর্শনগত দ্বৈততা
একদিকে ইসলাম রাষ্ট্রধর্ম, অন্যদিকে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় নীতিÑআমাদের সংবিধানে এই দ্বৈততা আইন প্রণয়ন ও বিচারিক ব্যাখ্যায় তাত্ত্বিক ও ব্যবহারিক জটিলতা সৃষ্টি করে। ফলে আইনের ইসলামিকরণের প্রশ্নে রাষ্ট্রের নীতিগত দিকনির্দেশনা অস্পষ্ট থেকে যায়।
দুই. আইনের ইসলামিকরণের রাজনীতিকরণ
আইনের ইসলামিকরণ অনেক সময় রাষ্ট্রের নীতিগত সংস্কার হিসেবে না দেখে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষত নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে আইনের ইসলামিকরণকে কখনো সমর্থন আদায়ের মাধ্যম, আবার কখনো বিরোধিতার হাতিয়ার হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে বিষয়টি গভীর গবেষণা, নীতিগত ঐকমত্য ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির পরিবর্তে তাৎক্ষণিক রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাবের অধীন হয়ে পড়ে।
তিন. আইনের ইসলামিকরণে বিশেষজ্ঞ সংকট
আমাদের কাছে এমন বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম, যারা একই সঙ্গে আধুনিক আইন, সংবিধান এবং ইসলামী ফিকহে পারদর্শী। এই ঘাটতি আইনের ইসলামিকরণকে বাস্তব প্রয়োগের স্তরে নিয়ে যেতে বাধাগ্রস্ত করে।
চার. সামাজিক বিভ্রান্তি ও বিকৃত বয়ান
ইসলামী আইন মানেই ‘কঠোর শাস্তি’ বা ‘অমানবিক ব্যবস্থা’Ñএমন প্রচারণা জনমনে অযথা ভয় সৃষ্টি করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী আইন মূলত ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার রক্ষাকবচ।
পাঁচ. আন্তর্জাতিক চাপ ও বৈশি^ক প্রেক্ষাপট
আন্তর্জাতিক মানবাধিকার আলোচনায় ইসলামী আইনের প্রতি প্রায়শই একমাত্রিক দৃষ্টিভঙ্গি (ঙহব-ফরসবহংরড়হধষ ারব)ি গ্রহণ করা হয়, যা আইনের ইসলামিকরণকে কূটনৈতিক ও নীতিগতভাবে জটিল করে তোলে।
ছয়. ধর্মীয় ও সামাজিক বহুত্ব
বাংলাদেশের বহুত্ববাদী সমাজে সংখ্যালঘু ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর আশঙ্কা ও উদ্বেগ আইন সংস্কারের প্রতি একটি বাস্তব চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত। অন্যদিকে, একই ধর্মীয় পরিম-লের ভেতরেও বিভিন্ন মতবাদ, ফিকহী ব্যাখ্যা ও ধর্মীয় চিন্তাধারার পার্থক্য একটি অভিন্ন ও সর্বজনগ্রাহ্য আইন সংস্কার কাঠামো প্রণয়ন জটিল হয়ে ওঠে।
৫. তুলনামূলক অভিজ্ঞতা: আমরা একা নই
বিভিন্ন মুসলিম দেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে, আধুনিক রাষ্ট্র কাঠামোর ভেতরেও ইসলামী আইন প্রয়োগের একাধিক মডেল বিদ্যমান। মালয়েশিয়ায় দ্বৈত আদালত ব্যবস্থা, পাকিস্তানে ফেডারেল শরীয়া কোর্ট, সৌদি আরবে পূর্ণাঙ্গ শরীয়াভিত্তিক বিচারব্যবস্থা এবং ইরানে জাফরী ফিকহভিত্তিক আইন কাঠামোÑসবই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ইসলামী আইনের প্রাতিষ্ঠানিক প্রয়োগের উদাহরণ।
এ ছাড়া আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ, নাইজেরিয়ার উত্তরাঞ্চল, সুদান ও ব্রুনাইতেও শরীয়া আইন বিভিন্ন মাত্রায় কার্যকর রয়েছে। এসব অভিজ্ঞতা আমাদের দেখায়, সামাজিক বাস্তবতা ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সমন্বয় করে আইনব্যবস্থার ইসলামিকরণ সম্ভব ও বাস্তবসম্মত।
৬. উত্তরণের পথ: কী করা যেতে পারে?
এখানে আমরা ৬টি কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা ভাবতে পারিÑ
এক. ধাপে ধাপে আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ
হঠাৎ পূর্ণাঙ্গ পরিবর্তনের পরিবর্তে প্রথমে পারিবারিক, অতঃপর সিভিল, আর্থিক ও সামাজিক ন্যায়বিচারসংক্রান্ত আইন সংস্কার করে জনআস্থা তৈরি করা।
দুই. সংবিধান ও ইসলামী ন্যায়নীতির সমন্বয়
সংবিধানকে অকার্যকর না করে, তার ভেতরেই ন্যায়-ইনসাফ ও মানবিক মর্যাদার মূলনীতির প্রতিফলন ঘটানো যেতে পারে।
তিন. জাতীয় ইসলামিক আইন কমিশন গঠন
ফকীহ, আইনবিদ ও সমাজবিজ্ঞানীদের সমন্বয়ে একটি স্বাধীন আইন কমিশন গঠন করা যেতে পারে, যা গবেষণা ও সুপারিশ প্রদান করবে।
চার. উচ্চশিক্ষা ও গবেষণা জোরদার
বিশ^বিদ্যালয় পর্যায়ে ফিকহ ও তুলনামূলক আইন অধ্যয়ন ও গবেষণা জোরদার করে দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারি, যারা ইসলামী ন্যায়নীতি, সামাজিক বাস্তবতা ও আধুনিক আইনব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করে আইন সংস্কারের প্রক্রিয়ায় অবদান রাখতে সক্ষম হবে। ফলে আইনের ইসলামিকরণ একটি আবেগনির্ভর উদ্যোগ না হয়ে একটি প্রাতিষ্ঠানিক, জ্ঞাননির্ভর ও একাডেমিকভাবে সুসংহত প্রক্রিয়ায় রূপ লাভ করতে পারে।
পাঁচ. জনসংলাপ ও সচেতনতা
গণমাধ্যম, একাডেমিক ফোরাম ও সামাজিক আলোচনার মাধ্যমে ইসলামী আইন সংক্রান্ত ভুল ধারণাগুলো দূর করতে পারি এবং আস্থা তৈরি করতে পারি।
ছয়. ফিকহী সমন্বয়
ফিকহী ব্যাখ্যা ও মাযহাবভিত্তিক মতভেদের মধ্যে সমন্বয়ের জন্য উচ্চপর্যায়ের ফিকহ কাউন্সিল গঠন করা যেতে পারে। যেমনÑউসমানীয় আমলের সিভিল কোড মাজাল্লাতুল আহকাম আল-আদলিয়্যা ও পারিবারিক আইন সংকলন এ ক্ষেত্রে একটি কার্যকর ঐতিহাসিক দৃষ্টান্ত। এ আইনগ্রন্থগুলো যদিও মূলত ফিকহে হানাফীর ভিত্তিতে রচিত, তথাপি প্রয়োজনে ক্ষেত্রবিশেষে হানাফী মাযহাবের বাইরের মত গ্রহণ করা হয়েছে; এমনকি কোনো কোনো ক্ষেত্রে চার মাযহাবের বাইরের মতও অন্তর্ভুক্ত করা হয়েছে।
৭. সংখ্যালঘু ও মানবাধিকার প্রসঙ্গ
এখানে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন হতে পারেÑআইনের ইসলামিকরণ কি বহুজাতিক সমাজে (গঁষঃরপঁষঃঁৎধষ ংড়পরবঃু) ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার নাম? এ প্রশ্নের উত্তরে নৈতিক ও আইনগত বিবেচনায় বলা যায় যে, বহুজাতিক সমাজে আইনের ইসলামিকরণ অনিবার্যভাবে কোনো ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া নয়; একইভাবে, এটি কোনো একক বিশ^াসের রাজনৈতিক প্রাধান্য বিস্তারের কৌশলও নয়। বরং এটি এমন একটি নৈতিক-আইনগত কাঠামো, যার মূল উদ্দেশ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা সংরক্ষণ এবং সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এই কাঠামোর ভেতরে সংখ্যালঘু জনগোষ্ঠী ও ভিন্নমতাবলম্বীদের অধিকার ও নিরাপত্তা সংরক্ষণ একটি নৈতিক ও শারয়ী দায়িত্ব হিসেবে স্বীকৃত। এ ক্ষেত্রে মদীনা সনদ একটি ঐতিহাসিক নজির, যা একটি বহুজাতিক সমাজে পারস্পরিক অধিকার, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলীল হিসেবে বিবেচিত হয়।
৮. বাংলাদেশে শরীয়া আইন কার্যকরকরণ: বাস্তবতা ও সম্ভাব্য প্রক্রিয়া
বাংলাদেশে শরীয়া আইন কার্যকরকরণ দুটি পথে ভাবা যায়Ñপূর্ণাঙ্গ বাস্তবায়ন ও ধাপে ধাপে সীমিত প্রয়োগ। পূর্ণাঙ্গ বাস্তবায়ন বর্তমান সংসদীয় ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ও আইনগতভাবে বিতর্কিত। তাই অধিকতর বাস্তবসম্মত বিকল্প হলোÑ সংবিধানসম্মত প্রক্রিয়ায় ধাপে ধাপে পারিবারিক ও ব্যক্তিগত আইনের মতো নির্দিষ্ট ক্ষেত্রে বিদ্যমান আইনের সীমিত সংস্কার। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে ইসলামী আইনের ভূমিকা নির্ধারণ, সীমিত এখতিয়ারসম্পন্ন শরীয়া আদালত, মানবাধিকার ও সংখ্যালঘু অধিকারের সুরক্ষা এবং বিচারক-আইনজীবীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।
৯. শরীয়া ফৌজদারি আইন ও বাংলাদেশের রাষ্ট্রীয় বাস্তবতা: সংযত ও পর্যায়ক্রমিক বাস্তবায়ন কাঠামো
বাংলাদেশের মতো সংবিধানভিত্তিক ও বহুত্ববাদী রাষ্ট্রে শরীয়া ফৌজদারি আইনÑহুদুদ, কিসাস ও তাযীরÑইসলামিকরণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হতে পারে না। কারণ এগুলো সরাসরি জীবন, স্বাধীনতা ও মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত। তুলনামূলক অভিজ্ঞতা নির্দেশ করে যে, এ ধরনের আইন সাধারণত রাষ্ট্রীয় ইসলামিকরণের সর্বশেষ ও সবচেয়ে সংবেদনশীল ধাপে প্রবর্তিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে অধিক বাস্তবসম্মত পন্থা হলো সরাসরি শাস্তি আরোপের পরিবর্তে ইসলামী ফৌজদারি আইনের নৈতিক ও প্রতিরোধমূলক নীতিকে বিদ্যমান দ-বিধির মধ্যে অন্তর্ভুক্ত করা। একই সঙ্গে কিসাস ও দিয়াতের ধারণা সীমিত ও ঐচ্ছিক পুনরুদ্ধারমূলক ন্যায়বিচার কাঠামোর মধ্যে বিবেচিত হতে পারে। তবে এসব উদ্যোগও বিচারিক সক্ষমতা, সামাজিক ন্যায়বিচার ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত হওয়ার শর্তসাপেক্ষ হওয়া উচিত।
১০. উপসংহার: আহ্বান
সম্মানিত সুধীবৃন্দ,
আজ আমাদের সামনে প্রশ্ন আর এই নয়, ‘আইনের ইসলামিকরণ সম্ভব কি না?’ বরং আসল প্রশ্ন হলোÑআমরা কি ন্যায়ভিত্তিক, মানবিক ও নৈতিক রাষ্ট্র গঠনের দৃঢ় সাহস রাখি কিনা? সেই জ্ঞান, প্রজ্ঞা ও কর্মকৌশল আসলেই আমাদের আছে কিনা?
ইসলামী আইন কোনো অতীতচারী স্মৃতি নয়, কেবল ইতিহাসের পাতায় আবদ্ধ কোনো ধারণা নয়;
এটি ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধে ঋদ্ধ এক জীবন্ত ও সময়োপযোগী দর্শন, যা একটি কল্যাণকর ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের সুস্পষ্ট পথনির্দেশ করে।
আসুন,আমরা আবেগের তাড়নায় নয়; জ্ঞান, গবেষণা, যুক্তি ও সুস্থ সংলাপের আলোয় এই পথকে এগিয়ে নিয়ে যাই। কারণ, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে ওঠে সচেতন সিদ্ধান্ত ও সম্মিলিত প্রজ্ঞার মাধ্যমে। যাদানাল্লাহু তাওফীকান!
সবশেষে, আপনাদের মূল্যবান মনোযোগ ও সময়ের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
(বিস্তারিতের জন্য মূল প্রবন্ধ দ্রষ্টব্য)