আধুনিক সাধারণ শিক্ষাব্যবস্থার উদ্ভব ও বিকাশ মূলত সেক্যুলার ও লিবারেল চিন্তাধারার প্রভাববলয়ের মধ্যেই সংঘটিত হয়েছে। ফলে এ ধরনের শিক্ষাব্যবস্থা ও পরিবেশে বেড়ে ওঠা একজন মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, বিশ্বাস ও জীবনদৃষ্টির পূর্ণাঙ্গ বিকাশ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে—এমনটি প্রত্যাশা করা খুব একটা বাস্তবসম্মত নয়।

তবে এই বাস্তবতার মধ্যেও যারা ইসলামের জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, ব্যক্তিজীবনে যথাসাধ্য ইসলামের অনুশীলন করছেন এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রয়াস চালাচ্ছেন, তাঁদের এই বুদ্ধিবৃত্তিক ও নৈতিক প্রত্যাবর্তন নিঃসন্দেহে ইতিবাচক ও আশাব্যঞ্জক।

তাই তাঁদের এই আন্তরিক আগ্রহ, পরিবর্তনের প্রচেষ্টা ও ইসলামের দিকে প্রত্যাবর্তনকে কেবল ইতিবাচক হিসেবে স্বীকার করাই নয়, বরং অকুণ্ঠভাবে স্বাগত জানানো ও সাধুবাদ জানানোই আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

কারণ তাদের এই আগ্রহ ও প্রত্যাবর্তন শুধু তাঁদের ব্যক্তিজীবনের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাধারণ শিক্ষাব্যবস্থায় বেড়ে ওঠা আরও অনেক মানুষের জন্য ইসলামের মূল্যবোধ, বিশ্বাস ও অনুশাসনের দিকে ফিরে আসার অনুপ্রেরণার উৎস হতে পারে।

তবে এই প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় দুটি গুরুত্বপূর্ণ ও পরস্পর-সম্পর্কিত চ্যালেঞ্জ সামনে আসে।

একটি আসে ইসলামী সমাজের ভেতর থেকে; অন্যটি আসে নতুনভাবে ইসলামের দিকে আগ্রহী ব্যক্তিদের পূর্ববর্তী বুদ্ধিবৃত্তিক ও সামাজিক পরিবেশ থেকে।

এই দুই বাস্তবতাকে যথাযথভাবে না বুঝলে একদিকে নতুনদের প্রতি অযথা কঠোরতা তৈরি হতে পারে, অন্যদিকে তাঁদের মধ্যেও ইসলামের সঙ্গে পূর্ববর্তী চিন্তাধারার অসংগতিপূর্ণ সমন্বয়ের প্রবণতা দেখা দিতে পারে।

প্রথম চ্যালেঞ্জটি আমাদের নিজেদের। আমরা যারা তুলনামূলকভাবে রক্ষণশীল ইসলামী চিন্তার অনুসারী, তাঁদের মধ্যে অনেক সময় নতুনভাবে ইসলামের মূল্যবোধের দিকে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দ্রুত এবং প্রায় পূর্ণাঙ্গ পরিবর্তন প্রত্যাশা করার প্রবণতা দেখা যায়।

বিশেষ করে তাঁদের চিন্তা, বিশ্বাস ও মূল্যবোধের অভ্যন্তরীণ পরিবর্তনের চেয়ে বাহ্যিক পরিবর্তন—পোশাক-পরিচ্ছদ, বেশভূষা কিংবা সামাজিক আচরণের দৃশ্যমান রূপান্তর—অগ্রাধিকার পেয়ে যায়। প্রত্যাশিত পরিবর্তন দ্রুত দৃশ্যমান না হলে কখনো তাঁদের কঠোর সমালোচনা করা হয়, এমনকি তাঁদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

অথচ মানুষের চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদৃষ্টির পরিবর্তন সাধারণত একটি ধারাবাহিক ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। দীর্ঘদিনের পারিবারিক, সামাজিক ও শিক্ষাগত পরিবেশে যে মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাঠামো গড়ে ওঠে, তা অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে—এমন প্রত্যাশা সবসময় বাস্তবসম্মত নয়।

বরং অতিরিক্ত চাপ, তাড়াহুড়া ও কঠোর সমালোচনা অনেক সময় কাঙ্ক্ষিত পরিবর্তনের পরিবর্তে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যে ব্যক্তি আন্তরিকতা ও অনুসন্ধিৎসা নিয়ে ইসলামের দিকে এগিয়ে এসেছেন, তিনি নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন এবং একপর্যায়ে তাঁর প্রাথমিক আগ্রহও দুর্বল হয়ে যেতে পারে।

তাই নতুনভাবে ইসলামের দিকে আগ্রহী ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত পর্যায়ক্রমিক পরিবর্তন, ধৈর্য, সহমর্মিতা ও সংশোধনের সুযোগ সৃষ্টি।

তাঁদের প্রতিটি অসম্পূর্ণতা বা বিচ্যুতির জন্য তাৎক্ষণিক সমালোচনা না করে প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও আত্মসংশোধনের সুযোগ দেওয়া অধিক ফলপ্রসূ। তাঁদের শুধু ভুল ধরিয়ে দেওয়াই যথেষ্ট নয়; বরং সঠিক জ্ঞান, আত্মশুদ্ধির অনুশীলন, অনুকূল পরিবেশ ও উত্তম দৃষ্টান্তের মাধ্যমে তাঁদের ইতিবাচক পরিবর্তনের পথে সহযাত্রী হওয়াই অধিক ফলপ্রসূ ও দায়িত্বশীল ভূমিকা।

বিশেষত পরিবর্তনের ক্ষেত্রে অভ্যন্তরীণ রূপান্তরকে বাহ্যিক পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখা প্রয়োজন। ঈমান, আকীদা, ইসলামের মৌলিক বিশ্বাস এবং ফরজ-ওয়াজিব বিধান সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা যত গভীর হবে, আমল ও জীবনযাপনের অন্যান্য ক্ষেত্রেও তত বেশি স্থায়ী পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। বাহ্যিক পরিবর্তন অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু অন্তরের বিশ্বাস, চিন্তা ও মূল্যবোধের পরিবর্তন ছাড়া শুধু বাহ্যিক রূপান্তরকে অগ্রাধিকার দিলে তা অনেক সময় কৃত্রিম বা অস্থায়ী হয়ে যেতে পারে; একই সঙ্গে পরিবর্তনের অন্তর্নিহিত ভিত্তি উপেক্ষিত হওয়ারও ঝুঁকি থাকে।

রাসূলুল্লাহ ﷺ-এর দাওয়াহ-পদ্ধতিতেও নতুনভাবে ইসলামের দিকে আসা মানুষের বাস্তবতা, প্রস্তুতি ও মানসিক অবস্থার প্রতি প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। ছাকীফ গোত্রের একটি প্রতিনিধি দল ইসলাম গ্রহণের উদ্দেশ্যে তাঁর কাছে এলে তারা কিছু শর্ত পেশ করেছিল। তাদের শর্তগুলোর মধ্যে ছিল—তাদের যুদ্ধে আহ্বান করা হবে না, তাদের সম্পদ থেকে উশর/যাকাত গ্রহণ করা হবে না এবং তাদের নামায আদায় করতে বাধ্য করা হবে না।

রাসূলুল্লাহ ﷺ তাদের কিছু শর্ত মেনে নেওয়ার সুযোগ দিলেও নামাযের ব্যাপারে আপস করেননি। তিনি বলেন—

«لَكُمْ أَنْ لَا تُحْشَرُوا وَلَا تُعْشَرُوا، وَلَا خَيْرَ فِي دِينٍ لَيْسَ فِيهِ رُكُوعٌ»

অর্থাৎ, তোমাদের জন্য যুদ্ধে আহ্বান না করা এবং সম্পদের উশর/যাকাত গ্রহণ না করার সুযোগ রয়েছে; কিন্তু যে দ্বীনে রুকূ‘—অর্থাৎ নামায—নেই, তাতে কোনো কল্যাণ নেই।— সুনান আবি দাউদ

এই ঘটনাটি দাওয়াহ ও ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতির দিকে ইঙ্গিত করে। রাসূলুল্লাহ ﷺ নতুনভাবে ইসলামের দিকে আসা মানুষের বাস্তবতা ও প্রস্তুতির স্তর বিবেচনায় নিয়েছেন; কিন্তু ইসলামের মৌলিক ভিত্তির ক্ষেত্রে আপস করেননি। অর্থাৎ দাওয়াহর পদ্ধতিতে প্রজ্ঞা, ধৈর্য ও পর্যায়ক্রমিকতা থাকতে পারে; কিন্তু ইসলামের মৌলিক সত্য ও অপরিহার্য বিধানের ক্ষেত্রে আপসের সুযোগ নেই।

অন্যদিকে দ্বিতীয় চ্যালেঞ্জটি নতুনভাবে ইসলামের দিকে আগ্রহী ব্যক্তিদের নিজেদের বুদ্ধিবৃত্তিক পটভূমির সঙ্গে সম্পর্কিত। সাধারণ শিক্ষাব্যবস্থার সেক্যুলার ও লিবারেল পরিবেশে দীর্ঘদিন বেড়ে ওঠার কারণে তাঁদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পূর্ববর্তী পরিবেশের কিছু প্রভাব থাকা স্বাভাবিক। দীর্ঘদিনের শিক্ষাজীবন, সামাজিক পরিবেশ এবং আধুনিক চিন্তার সঙ্গে পরিচয় তাঁদের মানসিক কাঠামোর ওপর যে প্রভাব ফেলেছে, তা একদিনে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার কথা নয়।

ফলে ইসলামের বিভিন্ন বিধান, ধারণা ও সামাজিক নীতিকে তাঁরা কখনো কখনো পূর্ববর্তী চিন্তার কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বোঝার বা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারেন। আধুনিক চিন্তার সঙ্গে ইসলামী শিক্ষার সম্পর্ক নির্ধারণে এ ধরনের পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন সবসময় নেতিবাচক নয়; বরং সমকালীন বাস্তবতা বোঝার ক্ষেত্রে তা কখনো বুদ্ধিবৃত্তিক প্রয়োজনও হতে পারে।

কিন্তু সমস্যা দেখা দেয় তখন, যখন ইসলামের নিজস্ব উৎস, পরিভাষা, জ্ঞানতাত্ত্বিক ভিত্তি ও স্বীকৃত ঐতিহ্যকে যথাযথভাবে না বুঝে পূর্বনির্ধারিত আধুনিক চিন্তার কাঠামোর সঙ্গে ইসলামকে সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা করা হয়।

এ ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ইসলামকে আধুনিক চিন্তার সঙ্গে সংলাপে আনা এক বিষয়; আর আধুনিক চিন্তার পূর্বনির্ধারিত মানদণ্ডের সঙ্গে ইসলামকে খাপ খাওয়ানোর বা অভিযোজনের চেষ্টা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রথমটি হতে পারে জ্ঞানচর্চার একটি বৈধ পদ্ধতি; কিন্তু দ্বিতীয়টি ইসলামের নিজস্ব জ্ঞানতাত্ত্বিক ও নীতিগত কাঠামোকে দুর্বল করার ঝুঁকি তৈরি করতে পারে।

এই জায়গাতেই নতুনভাবে ইসলামের দিকে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে রক্ষণশীল ইসলামী পরিমণ্ডলের একটি মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে। একদিকে তাঁদের পূর্ববর্তী চিন্তার প্রভাব; অন্যদিকে ইসলামী পরিমণ্ডলের প্রত্যাশা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা সহজ নয়। তাই উভয় পক্ষেরই প্রয়োজন আত্মসচেতনতা ও সংযম।

নতুনভাবে ইসলামের দিকে আসা ব্যক্তিদেরও উপলব্ধি করা প্রয়োজন যে, ইসলামের সঙ্গে পূর্ববর্তী চিন্তাধারার সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে ইসলামের মৌলিক আকীদা, নীতিমালা কিংবা স্বীকৃত জ্ঞানতাত্ত্বিক ও ফিকহি কাঠামোকে নিজেদের পূর্বধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নেওয়া যথার্থ পদ্ধতি নয়।

ইসলামকে গভীরভাবে বুঝতে হলে ইসলামকে তার নিজস্ব উৎস, পরিভাষা, জ্ঞানতাত্ত্বিক কাঠামো এবং বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের আলোকে অধ্যয়ন করতে হবে। আধুনিক চিন্তার সঙ্গে ইসলামের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা বা গবেষণা করা অবশ্যই সম্ভব; কিন্তু সে গবেষণার ভিত্তি হতে হবে যথাযথ ইসলামী জ্ঞান।

এ কারণে ইসলামের চিন্তাগত, বুদ্ধিবৃত্তিক, তাত্ত্বিক ও ফিকহি বিষয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রেও যথাযথ সতর্কতা ও সংযম প্রয়োজন। কোনো বিষয়ে ইসলামের ‘চূড়ান্ত বক্তব্য’ উপস্থাপন করা শুধু ইসলামের প্রতি আন্তরিকতা কিংবা সাধারণ পর্যায়ের কুরআন-হাদীস পাঠের ভিত্তিতে সম্ভব নয়।

এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, আরবি ভাষায় পর্যাপ্ত দক্ষতা, কুরআন-হাদীসের বিস্তৃত জ্ঞান, উসূলুল ফিকহ ও ফিকহি ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা এবং বিভিন্ন মত ও দলিলের তুলনামূলক পর্যালোচনার সক্ষমতা।

এখানে আমাদের নিজেদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। আমরা কোনো বিষয়ে কিছুটা জানি বলেই প্রতিটি বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়ার অধিকারী হয়ে যাই না। বরং যে বিষয়ে বিশেষায়িত জ্ঞান প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও বিজ্ঞ আলিমদের মতামতের ওপর নির্ভর করা জ্ঞানচর্চার স্বাভাবিক শিষ্টাচার। বিশেষজ্ঞতার প্রতি সম্মান দেখানো নিজের জ্ঞানের সীমাবদ্ধতার স্বীকৃতি হলেও তা কোনো দুর্বলতা নয়; বরং এটি পরিণত জ্ঞানচর্চারই পরিচায়ক।

সুতরাং নতুনভাবে ইসলামের মূল্যবোধের দিকে আগ্রহী ব্যক্তিদের প্রতি আমাদের আহ্বান হওয়া উচিত—

ইসলাম শিখুন, কুরআন-হাদীস অধ্যয়ন করুন, নিজেদের চিন্তা ও জীবনকে ইসলামের আলোকে গড়ে তুলুন, আমল করুন এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ইতিবাচক প্রচেষ্টায় ভূমিকা রাখুন।

তবে একই সঙ্গে ইসলামের গভীর বুদ্ধিবৃত্তিক, তাত্ত্বিক ও ফিকহি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তমূলক বক্তব্য প্রদানের ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও বিশেষজ্ঞতার প্রয়োজনীয়তাও স্বীকার করুন।

আর আমাদের, যারা নিজেদের রক্ষণশীল ইসলামী চিন্তার অনুসারী মনে করি, তাঁদেরও আত্মসমালোচনা প্রয়োজন। নতুনভাবে ইসলামের দিকে এগিয়ে আসা মানুষের কাছ থেকে একদিনে পূর্ণাঙ্গ পরিবর্তন প্রত্যাশা না করে তাঁদের জ্ঞানার্জন, আত্মপরিবর্তন ও আমলের পথে সহযাত্রী হওয়া প্রয়োজন।

তাঁদের ভুল সংশোধন করতে হবে, কিন্তু এমনভাবে নয় যাতে সংশোধনের সুযোগটিই নষ্ট হয়ে যায়; তাঁদের প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্ন করার আগ্রহকে নিরুৎসাহিত করে নয়। একই সঙ্গে তাঁদের ইসলামের দিকে এগিয়ে আসাকে উৎসাহিত করার পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষা ও স্বীকৃত জ্ঞান-ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে পরিচিত করে তুলতে হবে।

শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য হওয়া উচিত-

শুধুই একজন মানুষের বাহ্যিক পরিবর্তন নয়; বরং তার চিন্তা, বিশ্বাস, নৈতিকতা ও জীবনদৃষ্টির একটি গভীর, জ্ঞানভিত্তিক ও স্থায়ী ইসলামী রূপান্তর। কারণ অন্তরের পরিবর্তন যত গভীর হবে, বাহ্যিক আমল ও আচরণের পরিবর্তনও তত বেশি স্বতঃস্ফূর্ত ও স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে।

অতএব,

নতুনভাবে ইসলামের মূল্যবোধ ও অনুশীলনের দিকে এগিয়ে আসা মানুষের ক্ষেত্রে একদিকে রক্ষণশীলদের অযথা তাড়াহুড়া, কঠোরতা ও বাহ্যিকতা-কেন্দ্রিক অতিরিক্ত প্রত্যাশা পরিহার করতে হবে;

অন্যদিকে তাঁদেরও নিজেদের পূর্ববর্তী সেক্যুলার-লিবারেল চিন্তার প্রভাব সম্পর্কে সচেতন থেকে ইসলামী জ্ঞানকে তার নিজস্ব উৎস ও ঐতিহ্যের আলোকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে।

এক পক্ষের প্রয়োজন ধৈর্য ও প্রজ্ঞা, অন্য পক্ষের প্রয়োজন আত্মসচেতনতা ও জ্ঞানগত শৃঙ্খলা।