সম্প্রতি ইসলামী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু দায়িত্বশীল ব্যক্তির আচরণ ও সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে পর্দা এবং গায়র-মাহরামের সঙ্গে সম্পর্কের বিষয়ে পূর্বের তুলনায় কিছুটা শিথিলতা লক্ষ করা যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেছে।

বিষয়টি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ও উদ্বেগজনক। কারণ ধর্মীয় আদর্শ ও নৈতিক অনুশাসনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের আচরণ অনেক সময় তাঁদের ব্যক্তিগত পরিসর অতিক্রম করে সংশ্লিষ্ট সংগঠনের ধর্মীয় ও নৈতিক অবস্থান, সাংগঠনিক সংস্কৃতি ও সামগ্রিক ভাবমূর্তির প্রতিফলন ঘটায়।

ফলে বিষয়টি নিছক ব্যক্তিগত আচরণ বা রুচিবোধের প্রশ্নে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ইসলামী সংগঠনের আদর্শিক অঙ্গীকার, সাংগঠনিক অনুশাসন এবং পরিবর্তিত সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বিধানের প্রশ্নও গভীরভাবে জড়িত।

তবে এ বিষয়ে আবেগনির্ভর অভিযোগ বা একরৈখিক সমালোচনার পরিবর্তে প্রয়োজন ভারসাম্যপূর্ণ, বাস্তবতানির্ভর ও নীতিগত আলোচনা।

কারণ পর্দা ও শালীনতার মৌলিক গুরুত্ব যেমন অস্বীকার করা যায় না, তেমনি পরিবর্তিত সামাজিক বাস্তবতার জটিলতাকেও উপেক্ষা করে সমাজে কার্যকর ও মর্যাদাপূর্ণভাবে টিকে থাকা সহজ নয়।

একসময় জামায়াতে ইসলামী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে পর্দা এবং গায়র-মাহরামের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলকভাবে দৃশ্যমান সতর্কতা ও কঠোরতা পরিলক্ষিত হতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো বা টিউশনি করা অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত কিংবা সাংগঠনিকভাবে নিষিদ্ধ ছিল। ঘরে-বাইরে নারী-পুরুষের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও যথাসম্ভব শরিয়তসম্মত সীমারেখা অনুসরণের চেষ্টা করা হতো। ব্যক্তিবিশেষে ব্যতিক্রম বা বিচ্ছিন্ন ঘটনা ছিল—কখনো কখনো যার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে—তবে সেগুলোকে সাধারণ সাংগঠনিক সংস্কৃতির প্রতিনিধিত্বকারী বলে বিবেচনা করা হতো না। এর ফলে বিশেষত নারী ও নারী-অভিভাবকদের একটি অংশের মধ্যে এসব নেতা-কর্মীর ব্যাপারে এক ধরনের আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছিল।

কিন্তু বর্তমান সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা আগের তুলনায় অনেক বেশি জটিল।

নানা সামাজিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের জীবনযাপন বর্তমানে এমন এক মিশ্র ও বহুত্ববাদী সামাজিক পরিবেশের অংশ হয়ে উঠেছে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, গণমাধ্যমসহ প্রায় সব গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিসরেই নারী-পুরুষের যৌথ অংশগ্রহণ একটি প্রতিষ্ঠিত বাস্তবতা।

ফলে নারী-পুরুষের পারস্পরিক যোগাযোগ এখন অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; বরং শিক্ষা, পেশা, প্রশাসন, নাগরিক দায়িত্ব ও জনসম্পৃক্ততার অবিচ্ছেদ্য অংশ—যা থেকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলাও অনেক ক্ষেত্রে কঠিন।

অবশ্য একজন ব্যক্তি কোন ধরনের সামাজিক পরিবেশে সক্রিয়ভাবে সম্পৃক্ত হবেন এবং কোন ধরনের জীবনপদ্ধতি গ্রহণ করবেন—এটি মূলত তাঁর নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

তিনি চাইলে তুলনামূলকভাবে পৃথক ও ধর্মীয় পরিবেশকে জীবনযাপনের পরিসর হিসেবে বেছে নিতে পারেন, যেখানে নারী-পুরুষের মেলামেশা নেই কিংবা তুলনামূলকভাবে অত্যন্ত সীমিত এবং পর্দার বিধান অধিক কঠোরভাবে অনুসরণ করা সম্ভব। নিঃসন্দেহে এটি অধিক সংযম ও সতর্কতার—অর্থাৎ আযীমতের—পথ।

তবে বৃহত্তর সামাজিক পরিসর থেকে ইসলামপন্থিদের সম্পূর্ণ সরে দাঁড়ানো দীর্ঘমেয়াদে সবসময় ফলপ্রসূ নাও হতে পারে; ক্ষেত্রবিশেষে এর অনাকাঙ্ক্ষিত পরিণতিও হতে পারে।

কারণ শিক্ষা, প্রশাসন, পেশা, রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক পরিসর থেকে তারা যদি নিজেদের প্রত্যাহার করে নেন, তাহলে এসব ক্ষেত্রে তাদের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক অবদানের উপস্থিতি ক্রমশ সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে সমাজের এসব গুরুত্বপূর্ণ পরিসরে ভিন্নতর চিন্তা ও মূল্যবোধের প্রভাব তুলনামূলকভাবে আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে,

তিনি মিশ্র ও বহুত্ববাদী সামাজিক পরিবেশেও শিক্ষা, পেশা, প্রশাসন, রাজনীতি কিংবা অন্যান্য জনসম্পৃক্ত কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। তবে এ ক্ষেত্রে প্রয়োজন সমাজের গড্ডালিকায় গা ভাসিয়ে দেওয়া নয়, ধর্মীয় ও নৈতিক স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে সেই পরিবেশের সঙ্গে একীভূত হয়ে যাওয়া নয়; বরং সমাজের বৃহত্তর পরিসরে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে ধর্মীয় ও নৈতিক আদর্শের সঙ্গে বাস্তবতার একটি দায়িত্বশীল সমন্বয় সাধন করা।

সুতরাং এখানেই একটি মৌলিক পার্থক্য করা জরুরি। যে যোগাযোগ এড়িয়ে চলার বাস্তব সুযোগ নেই এবং দায়িত্ব পালনের জন্য যা অপরিহার্য—তা এক বিষয়; আর যে মেলামেশা ব্যক্তিগতভাবে এড়িয়ে চলা সম্ভব, কিন্তু সামাজিক সুবিধা, পেশাগত স্বাচ্ছন্দ্য, রাজনৈতিক গ্রহণযোগ্যতা কিংবা ব্যক্তিগত পছন্দের কারণে এড়ানো হয় না—তা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

প্রথমটি বাস্তব পরিস্থিতির সীমাবদ্ধতার সঙ্গে সম্পর্কিত; দ্বিতীয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত ও নৈতিক দায়িত্বের প্রশ্ন।

অতএব,

মিশ্র সামাজিক পরিবেশে অংশগ্রহণ করা মানেই পর্দার নীতি পরিত্যাগ করা নয়; আবার সেই পরিবেশের অনিবার্যতাকে অজুহাত বানিয়ে যেখানে সংযম ও দূরত্ব বজায় রাখা সম্ভব, সেখানেও অপ্রয়োজনীয় মেলামেশাকে স্বাভাবিক করে তোলা সমীচীন নয়।

বাস্তব জীবনে পর্দা রক্ষার অর্থ নারী-পুরুষের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া নয়; বরং প্রয়োজনীয় যোগাযোগকে প্রয়োজনের সীমায় রাখা এবং অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা ও মেলামেশা থেকে নিজেকে সংযত রাখা।

এখানে ‘পর্দা’কে শুধু পোশাকের বিষয় হিসেবে দেখলেও আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। এর সঙ্গে পোশাকের শালীনতার পাশাপাশি দৃষ্টি, ভাষা, আচরণ, শারীরিক দূরত্ব, একান্ততা এবং নারী-পুরুষের পারস্পরিক সম্পর্কের সামগ্রিক নৈতিকতাও সংশ্লিষ্ট।

তাই ‘মিশ্র সমাজে বসবাস করি’—এই বাস্তবতাকে স্বীকার করা এক বিষয়, আর সেটিকে প্রয়োজনের অতিরিক্ত নারী-পুরুষের মেলামেশার সাধারণীকরণ বা বৈধতার যুক্তি হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

বর্তমানে ইসলামী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাকর্মীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান, প্রশাসন, পেশাগত ক্ষেত্র এবং জনপরিসরে আগের তুলনায় বৃহত্তর পরিসরে সক্রিয় হচ্ছেন। ফলে নারী-পুরুষের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রও স্বাভাবিকভাবেই বিস্তৃত হয়েছে।

কোনো সংগঠন যদি বৃহত্তর জনসম্পৃক্ততা, নীতিনির্ধারণ কিংবা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে চায়, তাহলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অনিবার্য হয়ে পড়ে।

বিশেষত সেক্যুলার, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় নারী-পুরুষ নির্বিশেষে নাগরিকদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের সুযোগ প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিকভাবে স্বীকৃত।

ফলে এ ধরনের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে নারী-পুরুষের পারস্পরিক যোগাযোগের বাস্তবতাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলা অনেক ক্ষেত্রেই সম্ভবপর নয়। বিশেষত শিক্ষক, প্রশাসক, চিকিৎসক, গবেষক, রাজনৈতিক কর্মী কিংবা অন্য কোনো পেশাজীবীর ক্ষেত্রে নারী সহকর্মী, শিক্ষার্থী, কর্মকর্তা বা নাগরিকের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও মতবিনিময় দায়িত্ব পালনেরই স্বাভাবিক অংশ হয়ে দাঁড়ায়।

এ অবস্থায় বাস্তব প্রশ্নটি তাই কেবল ‘নারীর সঙ্গে যোগাযোগ করব কি করব না’—এমন সরল দ্বন্দ্ব নয়; বরং কোন যোগাযোগ দায়িত্ব পালনের জন্য অপরিহার্য, কোনটি প্রয়োজনসীমিত এবং কোনটি অপ্রয়োজনীয়—সে সীমারেখা কীভাবে নির্ধারণ করা হবে, সেটিই অধিক গুরুত্বপূর্ণ।

প্রয়োজনীয় একাডেমিক আলোচনা, প্রশাসনিক যোগাযোগ, চিকিৎসা, নাগরিক সেবা, রাজনৈতিক দায়িত্ব বা পেশাগত কর্মকাণ্ডকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতার সঙ্গে এক করে দেখা যেমন যুক্তিসঙ্গত নয়, তেমনি ‘পেশাগত প্রয়োজন’ বা ‘রাজনৈতিক দায়িত্ব’কে অজুহাত হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত ঘনিষ্ঠতা বা অবাধ মেলামেশাকেও স্বাভাবিক করে তোলা সমীচীন নয়।

একই কারণে, বৃহত্তর সামাজিক পরিসর থেকে ইসলামপন্থিদের সম্পূর্ণ সরে দাঁড়ানোর পরিবর্তে সমাজের শিক্ষা, পেশা, প্রশাসন, রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক অবদানের উপস্থিতি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

তবে সেই সম্পৃক্ততা যেন ধর্মীয় ও নৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে ব্যক্তিগত ও সাংগঠনিক—উভয় পর্যায়েই সচেতনতা প্রয়োজন।

এখানে ইসলামী সংগঠনগুলোরও একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব রয়েছে। পরিবর্তিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার কারণে আগের নির্ধারিত কিছু বিধিনিষেধ ও সাংগঠনিক অনুশাসন বর্তমান পরিস্থিতিতে আগের পদ্ধতিতেই সর্বক্ষেত্রে প্রয়োগ করা বাস্তবসম্মত নাও হতে পারে।

কিন্তু এর অর্থ এই নয় যে, সেসব বিধিনিষেধের অন্তর্নিহিত নৈতিক ও আদর্শিক উদ্দেশ্যও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বরং নতুন বাস্তবতার আলোকে পর্দা, গায়র-মাহরামের সঙ্গে যোগাযোগ, পেশাগত দায়িত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করা যায়—সে বিষয়ে সুস্পষ্ট, বাস্তবসম্মত ও নীতিনিষ্ঠ নির্দেশনা থাকা প্রয়োজন।

বিশেষত যারা জনজীবনে নেতৃত্ব দেন, তাদের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব আরও বেশি। কারণ তাদের ব্যক্তিগত আচরণ অনেক সময় সংগঠনের নৈতিক অবস্থান ও সাংগঠনিক সংস্কৃতির প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

তাই জনসম্পৃক্ততা যত বাড়বে, পর্দা ও শালীনতার বিষয়ে সচেতনতা ও আত্মসংযমের প্রয়োজনও তত বাড়া উচিত। একই সঙ্গে কোনো ব্যক্তির বাস্তব পরিস্থিতি না জেনে তার প্রতিটি নারী-পুরুষ যোগাযোগকে ‘পর্দার প্রতি অবজ্ঞা’ হিসেবে চিহ্নিত করাও ন্যায়সংগত নয়।

অন্যদিকে সবকিছুকে ‘বাস্তবতা’ বলে মেনে নেওয়াও গ্রহণযোগ্য নয়। কারণ বাস্তবতার সীমাবদ্ধতা যেমন আছে, তেমনি ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তের ক্ষেত্রও রয়েছে। যে বিষয়টি প্রয়োজনবশত ঘটছে এবং যে বিষয়টি স্বেচ্ছায় গ্রহণ করা হচ্ছে—দুটির মধ্যে নৈতিক পার্থক্য অবশ্যই রয়েছে। সুতরাং পরিবর্তিত বাস্তবতার স্বীকৃতি কখনোই নীতিগত সীমারেখা বিলুপ্ত করার সমার্থক হতে পারে না।

অতএব,

বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত পর্দার প্রাসঙ্গিকতা নিয়ে বিতর্ক সৃষ্টি করা নয়; বরং পরিবর্তিত সামাজিক, পেশাগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার মধ্যেও কীভাবে পর্দার মৌলিক চেতনা, শালীনতা, আত্মসংযম এবং নারী-পুরুষের সম্পর্কের নৈতিক সীমারেখা যথাসম্ভব অক্ষুণ্ণ রাখা যায়, তা নিয়ে দায়িত্বশীলভাবে ভাবা।

পর্দার অনুশীলনকে তাই বর্তমান সময়ের জন্য অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় মনে করা যেমন সমীচীন নয়—এরূপ চিন্তা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি; তেমনি পর্দা রক্ষার নামে বাস্তব জীবনের অনিবার্য দায়িত্ব ও প্রয়োজনকেও অস্বীকার করা সমীচীন নয়—এতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে কার্যকর অংশগ্রহণের সুযোগ সংকুচিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে।

প্রয়োজন হলো—

যেখানে যোগাযোগ এড়িয়ে চলা সম্ভব, সেখানে এড়িয়ে চলা; যেখানে প্রয়োজনীয় যোগাযোগ অপরিহার্য, সেখানে প্রয়োজনের সীমায় থাকা; আর যেখানে ব্যক্তিগত পছন্দের অবকাশ রয়েছে এবং যোগাযোগের বিশেষ প্রয়োজন নেই, সেখানে ইসলামী নৈতিকতার দাবি অনুযায়ী সংযম ও সতর্কতাকে অগ্রাধিকার দেওয়া।

সুতরাং ইসলামী সংগঠনের কর্মীদের কাছে প্রত্যাশা হওয়া উচিত—

পর্দার প্রতি কোনোরূপ অবজ্ঞা নয়, আবার বাস্তবতাকেও অস্বীকার নয়; বরং আদর্শের প্রতি অঙ্গীকার, বাস্তবতার যথাযথ মূল্যায়ন এবং ব্যক্তিগত আচরণে সংযম—এই তিনের সমন্বয়।

পরিবর্তনশীল ও বহুসাংস্কৃতিক (মাল্টিকালচারাল) সমাজে ইসলামী পরিচয় ও নৈতিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে বৃহত্তর জনজীবনে দায়িত্বশীলভাবে সম্পৃক্ত থাকার যে জটিল সমন্বয়ের প্রয়োজন, প্রকৃত চ্যালেঞ্জ সম্ভবত সেখানেই।