আমরা আলিমগণ দীনের যেসব খুঁটিনাটি কিংবা উপজাত বিষয় নিয়ে প্রতিনিয়ত পক্ষেবিপক্ষে তর্কবির্তকে লিপ্ত, সেগুলো দেশের সর্বোচ্চ ১% লোকের আগ্রহের বিষয় হতে পারে।

বাকী ৯৯% লোকের এসব আলোচনার প্রতি কোনো আগ্রহ নেই। তাদের অনেকেই এসব তর্কবিতর্ককে তাদের বিনোদনের খোরাক হিসেবে নিয়ে থাকে।

উল্লেখ্য, এসব বিষয় নিয়ে যুগযুগ ধরে বিতর্ক বা বিরোধ চলে আসছে এবং এগুলো নিয়ে নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত কথা বলা যেতে পারে, বলতে হবে।

বিভিন্ন মাযহাব ও মাসলাকের অনুসারী আলিমগণ চাইলে একান্তে নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে বিতর্কে বসতেও পারেন, আলোচনা-পর্যালোচনা হতে পারে|

তবে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছা দুরূহ। তাই এ জাতীয় বিষয়ে তর্কবিতর্ক ও আলোচনা-সমালোচনা যতই কম হয়, ততই উম্মতের জন্য ভালো ও কল্যাণকর।

মনে রাখতে হবে,

এসব বিষয়ই বর্তমান উম্মতের মূল সমস্যা নয়। আমাদের তরুণ-তরুণীরা ঈমান নিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এগুলো তাও নয়। তারা তাদের মূল ধর্মবিশ্বাস ও চরিত্র বজায় রাখা নিয়েই সংকটে নিমজ্জিত।

বস্তুবাদ, উদারতাবাদ, মানবতাবাদ, নাস্তিক্যবাদ, সেক্যুলারিজম, সংশয়বাদ, যুক্তিবাদ, নারীবাদ, আধুনিকতাবাদ, উত্তরাধুনিকতাবাদ এবং এ ধরনের শত শত চিন্তা ও মতবাদ তাদের ঈমান-আকীদা-বিশ্বাস ও চরিত্রের ভিত্কে এমনভাবে নাড়িয়ে দিচ্ছে যে,

তারা ইসলামের জীবনাদর্শের প্রতিই ক্রমে বিরূপ ভাবাপন্ন হয়ে ওঠছে; রিদ্দার নতুন সর্বপ্লাবী সয়লাবে এমনভাবে আক্রান্ত হয়ে পড়ছে যে, হকের আওয়াজও সেখানে প্রায়ই অনুপস্থিত।

অথচ এসব বিষয়ে আমাদের কণ্ঠ আশানুরূপ সোচ্চার নয়।

অধিকন্তু, আমরা অনেকেই এসব বিষয়ে ন্যূনতম ধারণাও রাখি না,

জানি না, এসব বিষয় দীন ও মিল্লতের জন্য কতটা মারাত্মক হুমকি ও ধ্বংসাত্মক?!

আফসোস!!