সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
অনেক পর্যবেক্ষকের মতে,
কাওমী অঙ্গনের একটি অংশ—বিশেষত রাজনৈতিকভাবে সচেতন ও উচ্চশিক্ষিত তরুণদের একটি শ্রেণি—ক্রমশ জামায়াতে ইসলামীর প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
এ প্রবণতার ব্যাপ্তি কতটুকু—সে বিষয়ে নির্ভুল পরিসংখ্যান না থাকলেও বাস্তব পর্যবেক্ষণ, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা এবং বিভিন্ন সাংগঠনিক বাস্তবতা থেকে এমন একটি প্রবণতার ইঙ্গিত পাওয়া যায়।
এই পরিস্থিতি কাওমী অঙ্গনের দায়িত্বশীল মহলের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়াজ-মাহফিল, সেমিনার, আলোচনা, প্রবন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আকীদা, মানহাজ ও চিন্তাগত অবস্থান নিয়ে সমালোচনার পরিমাণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
অনেকের বিশ্লেষণ হলো,
এর মাধ্যমে একদিকে নিজেদের অনুসারীদের সতর্ক করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে জামায়াতের প্রতি আকর্ষণ কমিয়ে রাখারও একটি প্রচেষ্টা বিদ্যমান।
তবে এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। কোনো সামাজিক বা রাজনৈতিক প্রবণতা কি কেবল সমালোচনার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব?
সমাজবিজ্ঞান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক পরিবর্তন-সংক্রান্ত গবেষণা সাধারণভাবে নির্দেশ করে যে,
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের প্রতি আকৃষ্ট হতে থাকে, তাহলে কেবল সেই প্ল্যাটফর্মের সমালোচনা করাই যথেষ্ট নয়; বরং মানুষকে সেখানে আকৃষ্ট করছে—এমন কাঠামোগত, সাংগঠনিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করাও জরুরি। অন্যথায় সমালোচনা সাময়িক প্রভাব ফেললেও মূল প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করলে কয়েকটি সম্ভাব্য কারণ সামনে আসে।
১. রাজনৈতিক আকাঙ্ক্ষার বিকাশ এবং অংশগ্রহণের ক্ষেত্রের সীমাবদ্ধতা:
একসময় কাওমী অঙ্গনের অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত রাজনীতি থেকে তুলনামূলকভাবে দূরে থাকতেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, জাতীয় বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় প্রশ্নে সক্রিয় ভূমিকার ফলে নতুন প্রজন্মের একটি অংশের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
কিন্তু তাদের অনেকের উপলব্ধি হলো, কাওমী অঙ্গনে এখনো এমন একটি সুসংগঠিত, দীর্ঘমেয়াদি এবং কার্যকর রাজনৈতিক কাঠামো গড়ে ওঠেনি, যেখানে তারা নিজেদের রাজনৈতিক সক্ষমতা বিকাশের সুযোগ পাবেন। ফলে তারা স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত সুসংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে আকৃষ্ট হন।
২. অর্থনৈতিক ও পেশাগত বাস্তবতা:
কাওমী শিক্ষা বাংলাদেশের ধর্মীয় শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট বৃহৎ অর্থনৈতিক, করপোরেট কিংবা পেশাভিত্তিক প্রতিষ্ঠান এখনো সীমিত। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা সমাপ্তির পর কর্মসংস্থান, আর্থিক নিরাপত্তা এবং পেশাগত উন্নয়ন নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
অন্যদিকে, জামায়াত-সংশ্লিষ্ট শিক্ষা, ব্যবসা, সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের বিস্তৃত নেটওয়ার্ক অনেকের কাছে কর্মজীবনের একটি সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার মাধ্যমে চিন্তাগত ও সাংগঠনিক প্রভাবও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে পারে।
সাম্প্রতিক সময়ে আলিয়া মাদরাসায় কাওমী সনদধারীদের শিক্ষকতা করার সুযোগ তৈরি হওয়ায় তাদের জন্য কর্মসংস্থানের একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। তবে এ ধরনের আশঙ্কাও কম নয় যে, যেহেতু বেশিরভাগ আলিয়া মাদরাসায় নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক ধারার প্রভাব তুলনামূলকভাবে দৃশ্যমান, তাই সেখানে কর্মরত কিছু শিক্ষক সময়ের সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক বা আদর্শিক প্রবণতার প্রতি অধিক অনুকূল মনোভাব গ্রহণ করতে পারেন। অবশ্য এই মূল্যায়ন সব আলিয়া মাদরাসার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়; বরং এটি প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।
৩. সাংগঠনিক বিভাজন ও নেতৃত্বের সংকট:
বাংলাদেশে কাওমী অঙ্গন সংখ্যাগত ও সামাজিকভাবে একটি বড় শক্তি হলেও অভ্যন্তরীণ বিভাজন, বিভিন্ন বোর্ড, দল ও নেতৃত্বকেন্দ্রিক মতপার্থক্য অনেক তরুণের কাছে হতাশার কারণ হয়ে দাঁড়ায়। নতুন প্রজন্ম সাধারণত অধিক সমন্বিত, দক্ষ ও কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করে। বাস্তবে যখন তারা বিভক্ত সাংগঠনিক বাস্তবতা প্রত্যক্ষ করেন, তখন বিকল্প প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়।
৪. ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রমের অভাব:
সমালোচকদের মতে, কাওমী অঙ্গনের রাজনৈতিক কার্যক্রম অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট ইস্যু, নির্বাচন বা বিশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে সক্রিয় হয়। বছরব্যাপী পরিকল্পিত রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলনামূলকভাবে সীমিত।
ফলে যারা নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান, তারা অধিক গতিশীল সংগঠনের প্রতি আকৃষ্ট হতে পারেন।
৫. নেতৃত্ব নির্বাচনের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতা:
কাওমী অঙ্গনে সর্বজনগ্রাহ্য নেতৃত্ব কিংবা নেতৃত্ব নির্বাচনের একটি সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি বলে অনেকের ধারণা।
এর ফলে নেতৃত্বের ধারাবাহিকতা, সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। তরুণদের একটি অংশ এটিকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে বিবেচনা করেন।
৬. বৃহত্তর সাংগঠনিক প্ল্যাটফর্মের আকর্ষণ:
অনেক তরুণের কাছে জামায়াতে ইসলামী একটি দীর্ঘদিনের সুসংগঠিত, ক্যাডারভিত্তিক ও পরিকল্পিত রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতীয়মান হয়। তাদের ধারণা, এখানে সাংগঠনিক প্রশিক্ষণ, দায়িত্ব গ্রহণ, নেতৃত্বের বিকাশ এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তুলনামূলকভাবে বেশি।
ফলে অনেকেই ব্যক্তিগত বিকাশের ক্ষেত্র হিসেবেও এ প্ল্যাটফর্মকে বিবেচনা করেন।
৭. ধর্মতাত্ত্বিক মতপার্থক্যকে গৌণ বিবেচনা করার প্রবণতা:
যেসব তরুণ জামায়াতের দিকে ঝুঁকছেন, তাদের অনেকেই মনে করেন যে,
জামায়াত মূলত একটি বৃহত্তর রাজনৈতিক প্লাটর্ফম; ধর্মতাত্ত্বিক কোনো গোষ্ঠী নয়। তাদের সঙ্গে বিদ্যমান কিছু আকীদাগত বা মানহাজগত মতপার্থক্য যা আছে তা একান্তই ব্যাখ্যাসাপেক্ষ ও ইজতিহাদনির্ভর;
ফলে এসব মতভিন্নতা থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামী, সামাজিক বা রাজনৈতিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে তাদের সঙ্গে কাজ করা সম্ভব।
এই দৃষ্টিভঙ্গি সঠিক বা ভুল—তা ভিন্ন আলোচনার বিষয়; তবে বাস্তবে এ ধরনের মানসিকতা যে একটি প্রভাবক হিসেবে কাজ করছে, তা অস্বীকার করা কঠিন।
৮. বিরোধের প্রকৃতি সম্পর্কে ভিন্ন উপলব্ধি:
তরুণদের একটি অংশের মধ্যে এমন ধারণাও রয়েছে যে, কাওমী অঙ্গন ও জামায়াতে ইসলামীর মধ্যকার বিরোধের একটি অংশ ধর্মতাত্ত্বিক হলেও এর সঙ্গে ব্যক্তি, নেতৃত্ব, সংগঠন এবং রাজনৈতিক বাস্তবতার বিষয়ও জড়িত। তাদের কেউ কেউ এও মনে করেন যে, তাদের এ বিরোধের কারণ যতটা না ধর্মতাত্ত্বিক, তার চেয়ে বেশি হলো ব্যক্তি ও দলীয় স্বার্থকেন্দ্রিক এবং রাজনৈতিক।
ফলে তারা অতীতের বিরোধকে নতুনভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন এবং অনেক সময় নিজেদের মুরব্বিদের অবস্থান সম্পর্কেও প্রশ্ন তোলেন। এই মূল্যায়নের যথার্থতা অবশ্য পৃথক গবেষণার বিষয়।
৯. নেতৃত্বের আদর্শিক ও নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন:
কিছু তরুণের মধ্যে এমন ধারণাও বিদ্যমান যে, কাওমী নেতৃত্বের একটি অংশ পূর্বের তুলনায় রাজনৈতিক কৌশলে অধিক বাস্তববাদী হয়েছেন এবং বিভিন্ন সেক্যুলার রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক ও সমঝোতার কারণেও আদর্শিক অবস্থান সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।
একই সঙ্গে নেতৃত্বের নৈতিক গ্রহণযোগ্যতা, সাংগঠনিক স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও তাদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
এসব ধারণা সঠিক কি না—তা পৃথকভাবে মূল্যায়নের দাবি রাখে; তবে তরুণদের রাজনৈতিক অবস্থান গঠনে এগুলোরও একটি ভূমিকা থাকতে পারে।
মোটকথা,
যদি বাস্তবেই কাওমী অঙ্গনের একটি অংশ অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রতি অধিক আগ্রহী হয়ে থাকে, তাহলে তার ব্যাখ্যা কেবল আকীদাগত মতপার্থক্যের মধ্যে সীমাবদ্ধ নয়।
বরং সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের কাঠামো, কর্মসংস্থানের সুযোগ, রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র, তরুণদের প্রত্যাশা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিকল্পনাসহ বিভিন্ন উপাদান সমন্বিতভাবে এ প্রবণতাকে প্রভাবিত করতে পারে।
একই সঙ্গে এটিও মনে রাখা প্রয়োজন যে,
কাওমী অঙ্গন এবং জামায়াতে ইসলামী—উভয়ই বহুমাত্রিক বাস্তবতা। উভয় ধারার মধ্যেই দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার ও কৌশলে বৈচিত্র্য রয়েছে।
ফলে এখানে উপস্থাপিত বিশ্লেষণ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বরং সাম্প্রতিক একটি সামাজিক ও রাজনৈতিক প্রবণতা ব্যাখ্যার একটি প্রচেষ্টা মাত্র।
অতএব,
যদি কাওমী নেতৃত্ব এ প্রবণতা নিয়ে সত্যিই উদ্বিগ্ন হন, তাহলে শুধুমাত্র প্রতিপক্ষের সমালোচনায় সীমাবদ্ধ না থেকে নিজেদের সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান, তরুণদের সম্পৃক্ততা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি কৌশল আত্মসমালোচনামূলকভাবে মূল্যায়ন করাও প্রয়োজন।
কারণ, কোনো প্রবণতার লক্ষণকে মোকাবিলা করার চেয়ে তার উৎপত্তির কারণগুলো চিহ্নিত ও সমাধান করা সাধারণত অধিক কার্যকর ও দীর্ঘস্থায়ী ফল বয়ে আনে।
পরিশেষে, আন্তরিক প্রত্যাশা—
কাওমী অঙ্গন আত্মসমালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বিদ্যমান সংকট অতিক্রম করে দ্রুত সময়ের মধ্যে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও দূরদর্শী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং জাতি, সমাজ ও ইসলামের কল্যাণে তাদের ইতিবাচক অবদান আরও ব্যাপকভাবে বিকশিত হবে।