আমাদের দেশে সেক্যুলার শিক্ষাব্যবস্থার বিপরীতে একটি প্যারালাল পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাব্যবস্থার প্রয়োজন অনস্বীকার্য,

যেখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাসহ জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখা থাকবে, শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা ও জ্ঞানার্জনেও সক্ষম হবে।

প্রশ্ন হলো,

ক. আমরা বিদ্যমান আলিয়া (মাদরাসা) শিক্ষাব্যবস্থাকে কি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা-ব্যবস্থারূপে গড়ে তুলতে পারবো? এরূপ পদক্ষেপ কতটা কার্যকর ভূমিকা রাখবে?

না-কি একটা ‘পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাব্যবস্থা’ গড়ে তোলার উদ্দেশ্যে ‘আধুনিক ইসলামিক স্কুল এন্ড কলেজ’ নামে পৃথক পূর্ণ কাঠামো গড়ে তোলা অধিক কার্যকর ব্যবস্থা হবে?

খ. আলিয়া (মাদরাসা) শিক্ষাব্যবস্থাকে কি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা-ব্যবস্থারূপে গড়ে তোলার জন্য মাদরাসা শিক্ষাব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ প্রয়োজনীয় কারিকুলাম-সিলেবাস-টেক্সটবুক প্রণয়ণের সক্ষমতা, দক্ষ জনবল ও যোগ্য শিক্ষক, অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রভৃতি আমাদের কী পরিমাণে আছে?

যদি থাকে, তা একটি কার্যকর ব্যবস্থা প্রবর্তনের জন্য কতটা যথেষ্ট ও সহায়ক?

গ. আলিয়া (মাদরাসা) শিক্ষাব্যবস্থাকে কি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা-ব্যবস্থারূপে গড়ে তুলতে গিয়ে আলিয়া শিক্ষাব্যবস্থার বিশেষায়িত রূপ নষ্ট হবে না তো? এর মূলসত্ত্ব, বিশেষত্ব ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন থাকবে তো?

ঘ. আলিয়া ব্যবস্থায় জেনারালাইজেশনের ধারা যেভাবে ক্রমশ বেড়ে চলছে, তাতে বর্তমান মাদরাসাগুলো এক পর্যায়ে স্কুল-কলেজের মতো জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে না তো?

অতীতে আমরা লক্ষ্য করেছি, নিউ স্কিম মাদরাসাগুলোর অধিকাংশ এভাবেই এক পর্যায়ে এসে স্কুল-কলেজে পরিণত হয়েছিল।

ঙ. মাদরাসার ফাজিল-কামিল স্তরগুলো বর্তমানে এমনিতে প্রায়ই নিষ্প্রাণ হয়ে পড়েছে; পরীক্ষার্থী পাওয়া গেলেও ক্লাশে ছাত্রের ভীষণ খরা। এ অবস্থায় জেনারালাইজেশনের মাত্রা যতবেশি হবে, এ স্তরগুলো ততটাই নিষ্ক্রিয় ও অকেজো হয়ে পড়বে না তো?

এ অবস্থা চলতে থাকলে হয়তো এক পর্যায়ে বিভিন্ন মাদরাসায় ফাজিল-কামিল স্তর বন্ধ হবারও উপক্রম হবে।

চ. আলিয়া ব্যবস্থায় জেনারালাইজেশনের ধারা যেভাবে ক্রমশ বেড়ে চলছে, তা মাদরাসাগুলোর দীনী ঐতিহ্য ও পরিবেশ রক্ষার জন্য হুমকি হবে না তো?

ছ. একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাব্যবস্থার অধীনে বর্তমান প্রচলিত আলিয়া ব্যবস্থার বিপরীতে অথবা সেই ব্যবস্থার মধ্যে থেকে বিজ্ঞ আলিম তৈরির জন্য কী ব্যবস্থা হতে পারে? এবং এ ব্যবস্থা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে?