ফেসবুক সূত্রে নজরে এল,
হেফাজতে ইসলামের মুহতারাম আমীর ঘোষণা করেছেন, ‘তাবলীগের সাদপন্থীরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না।’
বক্তব্যটির যথার্থতা ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত না জেনেই কাউকে দোষারোপ করতে চাই না। তবে বিষয়টি নীতিগতভাবে কয়েকটি প্রশ্নের অবতারণা করে, যা বিবেচনার দাবি রাখে।
আমি এখানে কোনো পক্ষের সমর্থক বা বিরোধী হিসেবে নয়, বরং একজন তৃতীয় পক্ষের দৃষ্টিকোণ থেকে কয়েকটি কথা তুলে ধরছি। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, এ বিষয়ে মন্তব্য করার আমি কে? তাঁদের প্রতি বিনীত বক্তব্য, আমি সরাসরি তাবলীগ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত না হলেও দীনের খিদমতে তাদের যে ইতিবাচক অবদান রয়েছে, তা স্বীকার করতে চাই। তাই তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ, বিভেদ কিংবা পারস্পরিক সংঘাত দেখলে ব্যক্তিগতভাবে ব্যথিত হই।
সেই দায়বোধ ও শুভকামনা থেকেই বিষয়টি সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরছি—কোনো পক্ষকে হেয় করা কিংবা অন্য পক্ষের অবস্থানকে সমর্থন করার উদ্দেশ্যে নয়; বরং পারস্পরিক বিরোধ নিরসন, ন্যায়সংগত আচরণ ও বৃহত্তর দীনি স্বার্থের বিষয়টি বিবেচনার জন্য।
তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও বিভক্তি নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। যারা একসময় একই দস্তরখানে বসে আহার করেছেন; ভ্রাতৃত্ব, ইখলাস ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে এমন দূরত্ব ও বিরোধ বেদনাদায়ক।
তবে মতপার্থক্য কিংবা সাংগঠনিক বিভক্তি অস্বাভাবিক কিছু নয়। আপন ভাইদের মধ্যেও মতের অমিল ও বিরোধ দেখা দিতে পারে। কিন্তু সেই বিরোধের অজুহাতে এক পক্ষ অন্য পক্ষের ন্যায্য অধিকার কিংবা মর্যাদা খর্ব করার অধিকার পেয়ে যায় না। মতপার্থক্য বিরোধের কারণ হতে পারে, কিন্তু তা কারও অধিকার হরণের বৈধতা হয়ে উঠতে পারে না।
এ ক্ষেত্রে উভয় পক্ষের জন্য পৃথক সময়ে ইজতিমা আয়োজনের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করা যেত, যাতে কোনো পক্ষই অন্য পক্ষের কারণে অনাকাঙ্ক্ষিত অসুবিধা কিংবা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয়। প্রশাসনিক ও আইনগত সীমাবদ্ধতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তার সমাধান খোঁজা যেতে পারে।
এ ধরনের সমঝোতামূলক উদ্যোগ বাস্তবায়নযোগ্য হলে, তা কি এক পক্ষকে সম্পূর্ণভাবে বঞ্চিত করার ঘোষণার চেয়ে অধিকতর বাস্তবসম্মত ও শান্তিপূর্ণ সমাধান হতে পারে না?!
কারও মত বা প্রচারপদ্ধতি অপছন্দ হলেই তাকে কোনো পরিসর থেকে পুরোপুরি বাদ দেওয়ার উদ্যোগ বিরোধ নিরসনের পরিবর্তে তা আরও গভীর ও জটিল করে তুলতে পারে। এমনকি, এ ধরনের পদক্ষেপ উভয় পক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব ও অবিশ্বাস বাড়িয়ে পারস্পরিক বিদ্বেষকে আরও তীব্র করে তুলতে পারে। ফলে যে বিরোধ আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব, তা-ও দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিতে পারে।
একটি বৈচিত্র্যময় ও গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য মোকাবিলার পথ জবরদস্তি নয়; বরং যুক্তি, আলোচনা, পারস্পরিক সহনশীলতা ও আইনসম্মত প্রক্রিয়া। আপনি আপনার বক্তব্য ও চিন্তা প্রচার করবেন, অন্য পক্ষও তাদের বক্তব্য তুলে ধরবে। কারও বক্তব্য ভুল মনে হলে তার জবাব দিতে হবে যুক্তি ও দলিলের মাধ্যমে; প্রয়োজনে অনুসরণ করতে হবে যথাযথ সাংগঠনিক ও আইনগত প্রক্রিয়া। কোনো পক্ষের কর্মকাণ্ড আইনবিরোধী হলে তার প্রতিকারও হতে হবে আইনসম্মতভাবে। একতরফা ঘোষণা কিংবা শক্তি প্রদর্শন কোনো বিরোধের ন্যায়সংগত সমাধানের বিকল্প হতে পারে না।
এখানে আরেকটি বিষয় বিশেষভাবে বিবেচ্য।
দায়িত্বশীল ধর্মীয় নেতাদের বক্তব্যে ভারসাম্য, সংযম ও দূরদর্শিতার অভাব থাকলে তা অনুসারীদের চিন্তা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত, কোনো বক্তব্য যদি অনুসারীদের মধ্যে বিদ্বেষ, অসহিষ্ণুতা কিংবা সংঘাতের প্রবণতা বাড়িয়ে তোলে, তবে তার অনাকাঙ্ক্ষিত প্রভাব সংশ্লিষ্ট সংগঠনের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর আলিমসমাজের ওপরও পড়তে পারে। সাধারণ মানুষের কাছেও আলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
যাঁদের কাছ থেকে সমাজ সংযম, সহনশীলতা ও ন্যায়বিচারের শিক্ষা প্রত্যাশা করে, তাঁদের বক্তব্য ও আচরণে এসব মূল্যবোধের প্রতিফলন থাকা আরও বেশি জরুরি। কারণ, দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য কেবল তাঁদের ব্যক্তিগত অবস্থান প্রকাশ করে না; অনেক সময় তা অনুসারীদের মনোভাব ও আচরণের ওপরও প্রভাব বিস্তার করে। তাই কোনো বক্তব্য দেওয়ার আগে তার সম্ভাব্য সামাজিক প্রতিক্রিয়া বিবেচনা করাও নেতৃত্বের দায়িত্বের অংশ।
কওমি অঙ্গন এমনিতেই নানা অভ্যন্তরীণ সমস্যা, মতপার্থক্য ও সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি।
এ অবস্থায় বিদ্যমান বিরোধগুলো নিরসনে উদ্যোগী না হয়ে নতুন বিরোধের ক্ষেত্র তৈরি করার প্রয়োজন কোথায়? মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রতিটি মতপার্থক্যকে সংঘাতে রূপ দিতে হবে কেন?
ভিন্নমতকে মোকাবিলা করতে গিয়ে যদি পারস্পরিক অধিকার, সহাবস্থান ও ভ্রাতৃত্বের নীতিই উপেক্ষিত হয়, তাহলে অনুসারীদের কাছে আমরা কী বার্তা পৌঁছে দিচ্ছি? অন্যকে সংশোধনের আহ্বান জানানোর আগে নিজেদের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও কি একই ন্যায়নীতি ও সংযমের দৃষ্টান্ত স্থাপন করা উচিত নয়?
আলিমদের দায়িত্ব কেবল দীনের কথা বলা নয়; নিজেদের আচরণের মধ্য দিয়েও ইনসাফ, সহনশীলতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করা। নিজেদের মধ্যকার বিরোধে এসব নীতি উপেক্ষিত হলে সমাজের কাছে তাঁদের বক্তব্যের গ্রহণযোগ্যতা ও নৈতিক প্রভাব—উভয়ই প্রশ্নের মুখে পড়তে পারে। মনে রাখা প্রয়োজন, অন্যকে হেয় করে নিজের অবস্থান হয়তো প্রতিষ্ঠা করা যায়, কিন্তু তাতে নিজের অবস্থানের নৈতিক উচ্চতা প্রতিষ্ঠিত হয় না।
আমাদের প্রত্যাশা,
সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি দলীয় বা সাংগঠনিক অবস্থানের ঊর্ধ্বে উঠে বৃহত্তর দীনি স্বার্থ, পারস্পরিক অধিকার ও সামাজিক সম্প্রীতির দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন।