—সময় বদলায়, প্রেক্ষাপট বদলায়, কিন্তু আমাদের আলোচনার অগ্রাধিকার বোধ হয় খুব একটা বদলায় না!
কয়েক দিন ধরে ফেসবুক খুললেই জর্দা খাওয়ার হালাল-হারাম নিয়ে নানা পোস্ট নজর কাড়ছে। ফাতওয়ার পক্ষে-বিপক্ষে যুক্তি, পাল্টা যুক্তি—বেশ জমজমাট, বেশ উপভোগ্য আলোচনা! অবশ্য আমি মুফতি নই; হালাল-হারামের ফাতওয়া দেওয়ার যোগ্যতাও রাখি না। তবে আলোচনাটি অনেকের মতো আমারও দৃষ্টি আকর্ষণ করেছে।
এ প্রসঙ্গে ইতিহাসের একটি বহুল প্রচলিত উপকথার কথা মনে পড়ে যায়।
কথিত আছে, ১২৫৮ খ্রিষ্টাব্দে হালাকু খানের মঙ্গোল বাহিনী যখন বাগদাদ অবরোধ করে রেখেছিল, শহরের পতন যখন আসন্ন, তখনও আলিমদের কেউ কেউ কাক ও পেঁচার গোশত হালাল, না হারাম—এ নিয়ে বিতর্কে মশগুল ছিলেন।
বলা হয়,
হালাকু খান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন গুপ্তচর পাঠিয়েছিলেন। ফিরে এসে গুপ্তচর তাঁকে জানায়, বাগদাদের শাসক ও আলিমরা শহরের আসন্ন বিপর্যয় নিয়ে যতটা উদ্বিগ্ন, তার চেয়ে বেশি ব্যস্ত কাক-পেঁচার গোশত খাওয়া জায়েজ কি না—তা নির্ধারণে।
কথিত আছে, এই খবর শুনেই হালাকু খান দ্রুত বাগদাদ অভিমুখে সৈন্য চালনার নির্দেশ দেন।
এ ধরনের আরও একটি প্রচলিত উপকথা হলো-
কথিত আছে, শহরের প্রতিরক্ষাব্যবস্থা যখন ভেঙে পড়ছে, মঙ্গোলদের অবরোধযন্ত্র যখন নগরপ্রাচীরে আঘাত হানছে, তখনও কেউ কেউ মেসওয়াকের দৈর্ঘ্য ঠিক কতটুকু, কত ইঞ্চি, কত আঙ্গুল হওয়া সুন্নত—এমন সূক্ষ্ম মাসআলা নিয়ে ব্যস্ত ছিলেন।
এসব কাহিনির ঐতিহাসিক সত্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে; তবে উপকথাগুলোর অন্তর্নিহিত ব্যঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ।
ধর্মীয় বিষয়ে খুঁটিনাটি মাসআলার আলোচনা অবশ্যই প্রয়োজন; কিন্তু চারপাশে যখন বড় কোনো সংকট, তখন কোন বিষয়টি অধিক জরুরি, কোন আলোচনাটি সময়ের দাবি—সেই অগ্রাধিকারবোধটুকুও তো থাকা দরকার।
মাঝেমধ্যে মনে হয়,
সময় বদলায়, প্রেক্ষাপট বদলায়, কিন্তু আমাদের আলোচনার অগ্রাধিকার বোধ হয় খুব একটা বদলায় না!