জবাবদিহি ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামো—সর্বক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিক শৃঙ্খলা ও সুস্থ বিকাশের অন্যতম পূর্বশর্ত। কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা কেবল তার ঘোষিত আদর্শ, কর্মসূচি কিংবা অর্জনের ওপর নির্ভর করে না; বরং নেতৃত্বের কর্মকাণ্ড কতটা স্বচ্ছ, পরিশীলিত, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক—তার ওপরও বহুলাংশে নির্ভরশীল।
বিশেষত যেসব সংগঠন ও প্রতিষ্ঠান ইসলামী আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করার দাবি করে, তাদের ক্ষেত্রে জবাবদিহির চর্চা আরও বেশি গুরুত্বপূর্ণ।
কারণ, তাদের সাংগঠনিক আচরণ ও নেতৃত্বের নৈতিক অবস্থান কেবল সংগঠনের ভাবমূর্তিকেই প্রভাবিত করে না; অনেক ক্ষেত্রে তা ইসলামী আদর্শ ও ইসলামী প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও জনমনে ধারণা তৈরিতে বিরাট ভূমিকা রাখে।
কিন্তু দুঃখজনকভাবে আমাদের অনেক ইসলামী দল, সংগঠন ও প্রতিষ্ঠানে জবাবদিহির এই সংস্কৃতি যথেষ্ট প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বিশেষত কওমি ধারার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সাংগঠনিক ও প্রশাসনিক কাঠামোতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানপ্রধানের একচ্ছত্র কর্তৃত্ব ও ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের প্রবণতা লক্ষ করা যায়।
অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানকেই কার্যত সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসেবে বিবেচনা করা হয়; তাঁর সিদ্ধান্ত ও কর্মকাণ্ড পর্যালোচনা কিংবা প্রশ্ন করার মতো কার্যকর ও স্বাধীন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠেনি। পরিচালনা পরিষদ কিংবা শূরার অস্তিত্ব থাকলেও সব ক্ষেত্রে সেগুলো কার্যকর জবাবদিহিমূলক কাঠামো হিসেবে ভূমিকা রাখতে পারছে কি না—সে প্রশ্নও থেকে যায়।
ফলে এসব প্রতিষ্ঠানে নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে ব্যক্তির মর্যাদা ও কর্তৃত্বই অনেক সময় সাংগঠনিক ব্যবস্থাপনার প্রধান নিয়ামক হয়ে ওঠে।
একই প্রবণতা কিছু ইসলামী দল ও সংগঠনের মধ্যেও লক্ষ করা যায়। সংগঠনের শীর্ষ নেতৃত্ব কিংবা প্রতিষ্ঠানের প্রধানদের কার্যত জবাবদিহির ঊর্ধ্বে বিবেচনা করা হয়। তাঁদের কোনো বক্তব্য, সিদ্ধান্ত কিংবা আচরণে ভুল-ত্রুটি বা নৈতিক বিচ্যুতি পরিলক্ষিত হলে তা নিরপেক্ষভাবে পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়ার পরিবর্তে নানা ব্যাখ্যা, যুক্তি ও সাফাইয়ের মাধ্যমে সমর্থনযোগ্য করে তোলার প্রবণতা দেখা যায়। কখনো ব্যক্তির প্রতি আনুগত্য, কখনো সাংগঠনিক স্বার্থ, আবার কখনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার যুক্তিতে সমালোচনার বিষয়টিকেই পাশ কাটিয়ে যাওয়া হয়।
অথচ ব্যক্তির ভুলের দায় স্বয়ংক্রিয়ভাবে পুরো সংগঠনের ওপর বর্তায় না। কিন্তু সেই ভুলের যথাযথ মূল্যায়ন ও সংশোধনের পরিবর্তে সংগঠন যখন প্রাতিষ্ঠানিকভাবে আত্মপক্ষ সমর্থনে নিয়োজিত হয়, তখন ব্যক্তির বিতর্কিত আচরণ ক্রমেই সাংগঠনিক দায়ে পরিণত হয়।
এর ফলে যে ভাবমূর্তি রক্ষার উদ্দেশ্যে ভুলকে আড়াল করার চেষ্টা করা হয়, শেষ পর্যন্ত সেই প্রচেষ্টাই সংগঠনের সামগ্রিক গ্রহণযোগ্যতা ও ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
মনে রাখা প্রয়োজন,
ব্যক্তির চেয়ে দল, সংগঠন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা অধিক গুরুত্বপূর্ণ; আবার দল, সংগঠন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির চেয়েও সত্য ও আদর্শের মর্যাদা রক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তির ভুল বা বিতর্কিত আচরণের দায় সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া যেমন সমীচীন নয়, তেমনি সংগঠনের ভাবমূর্তি রক্ষার অজুহাতে আদর্শের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করাও গ্রহণযোগ্য হতে পারে না।
অথচ বাস্তবে অনেক সময় ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে সংগঠনকে জনসমালোচনার মুখে ঠেলে দেওয়া হয়; আবার সংগঠনকে রক্ষা করতে গিয়ে আদর্শকেই বিতর্কিত করে তোলা হয়। এ ধরনের প্রবণতা কোনোভাবেই দূরদর্শী সাংগঠনিক আচরণের পরিচায়ক নয়।
বরং আদর্শের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃত্বকে কার্যকর জবাবদিহির আওতায় রাখা প্রয়োজন। নেতৃত্বের ভুল ও অনিয়মের নিরপেক্ষ পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন, যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা এবং গুরুতর ক্ষেত্রে পদ থেকে অব্যাহতি—এসবই সুস্থ সাংগঠনিক ব্যবস্থাপনার স্বাভাবিক অনুষঙ্গ হওয়া উচিত।
জবাবদিহি মানেই কাউকে শাস্তি দেওয়া নয়; বরং ভুলের ব্যাখ্যা চাওয়া, সত্যতা যাচাই, ভুল স্বীকার, সংশোধন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। কিন্তু দুঃখজনকভাবে আমাদের অনেক ইসলামী সংগঠন ও প্রতিষ্ঠানে এ ধরনের কার্যকর জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার দৃষ্টান্ত খুব একটা চোখে পড়ে না।
হেফাজতে ইসলাম দেশের ইসলামী ঘরানার একটি বৃহৎ ও প্রভাবশালী সংগঠন। সংগঠনটির আমীরও একজন বয়োজ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব, যাঁর বয়স ও অবস্থানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা প্রত্যাশিত। তবে ব্যক্তির বয়স, মর্যাদা কিংবা সাংগঠনিক অবস্থান তাঁকে জবাবদিহির ঊর্ধ্বে স্থান দিতে পারে না। সাম্প্রতিক সময়ে তাঁর কিছু বক্তব্য ও সেসব বক্তব্যে ব্যবহৃত ভাষা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা এ প্রসঙ্গে একটি প্রাসঙ্গিক উদাহরণ।
এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে সংগঠনের অভ্যন্তরে প্রথমেই বিষয়টির নিরপেক্ষ পর্যালোচনা হওয়া এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট নেতৃত্বকে যথাযথ জবাবদিহির আওতায় আনা প্রত্যাশিত ছিল। এতে একদিকে যেমন নেতৃত্বের ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব, অন্যদিকে সংগঠনের নৈতিক অবস্থান ও প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতাও সুরক্ষিত থাকে।
কিন্তু এর পরিবর্তে বক্তব্যগুলোর পক্ষে বারবার ব্যাখ্যা ও সাফাই উপস্থাপনের প্রবণতা দেখা গেলে বিতর্কটি আর সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো সংগঠনকেই জনপরিসরে সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। এতে ব্যক্তির বক্তব্যের দায় থেকে সংগঠনকে পৃথক রাখার যে সুযোগ ছিল, সংগঠন নিজেই তা সংকুচিত করে ফেলে।
মনে রাখা প্রয়োজন,
কোনো আমীর বা নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন কিংবা সংগঠনের প্রতি আনুগত্যের অর্থ তাঁর প্রতিটি বক্তব্য ও আচরণকে সমর্থন করা নয়। বরং প্রকৃত সাংগঠনিক আনুগত্যের পরিচয় হলো—ভুলকে ভুল হিসেবে চিহ্নিত করা, নেতৃত্বকে সংশোধনের সুযোগ দেওয়া এবং প্রয়োজন হলে জবাবদিহি নিশ্চিত করা। সমালোচনাকে শত্রুতা হিসেবে না দেখে আত্মসমালোচনা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করাই সুস্থ সাংগঠনিক সংস্কৃতির পরিচায়ক।
ইসলামী সংগঠনগুলোর কাছে মানুষের প্রত্যাশা কেবল ইসলামী আদর্শের প্রচার নয়; বরং নিজেদের সাংগঠনিক জীবনেও ন্যায়বিচার, আমানতদারি, শালীনতা, শূরা, স্বচ্ছতা ও জবাবদিহির বাস্তব প্রতিফলন। এসব মূল্যবোধ সাংগঠনিক চর্চায় অনুপস্থিত রেখে কেবল আদর্শিক শ্রেষ্ঠত্বের দাবি করলে তা শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার সংকটই তৈরি করবে।
আদর্শের পক্ষে কথা বলার পাশাপাশি নিজেদের নেতৃত্ব ও সাংগঠনিক ব্যবস্থাপনাতেও সেই আদর্শের প্রতিফলন ঘটানো জরুরি। কারণ, আদর্শের শ্রেষ্ঠত্ব কেবল বক্তব্যে নয়, তার অনুসারীদের আচরণ ও প্রাতিষ্ঠানিক চর্চার মধ্য দিয়েও প্রতিষ্ঠিত হয়।