ফেসবুকে প্রায়ই হেফাজতের মুহতারাম আমীরের জামায়াতকে কেন্দ্র করে করা বিভিন্ন কড়া সমালোচনা চোখে পড়ে।

এ প্রসঙ্গে সমর্থক ও বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্কও কম হয় না, যা ধীরে ধীরে এক ধরনের অস্বস্তি ও অনাকাঙিক্ষত উত্তেজনার সৃষ্টি করছে।

বলার অপেক্ষা রাখে না,

একজন ব্যক্তি হিসেবে আমি যে কারো—বা কোনো দল, সংগঠন কিংবা মতাদর্শের—সমালোচনা করার অধিকার রাখি। যদি তাদের কোনো ধারণা বা অবস্থান আমার কাছে গ্রহণযোগ্য না হয়, তবে তার সমালোচনার দায় স্বভাবতই কেবল আমার ব্যক্তিগত বলয়ে সীমিত থাকে।

সেই সমালোচনায় যদি অশালীন ভাষা, অরুচিকর ভঙ্গি কিংবা অসত্য তথ্য উপস্থিত হয়, তবে সেটি ব্যক্তির রুচিহীনতা, অভদ্রতা ও সীমালঙ্ঘনের বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচিত হওয়া উচিত।

নিশ্চয়ই প্রতিটি দল ও সংগঠনে এমন কিছু সমর্থক বা অনুগত গোষ্ঠী থাকে, যারা প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিষ্টাচার মানে না, নিয়মও মানে না।

তাদের আচরণে দল-সংগঠন ক্ষতিগ্রস্ত হলেও সংগঠনগুলো সাধারণত

এসব আচরণের দায় নিজেদের ওপর নিতে অনিচ্ছুক। বরং অনেক সময় তারা এসব কর্মকাণ্ড থেকে নিজেদের বিচ্ছিন্ন ও ‘পবিত্র’ হিসেবেও উপস্থাপন করে থাকে।

তবে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়

যখন আমি কোনো দল, সংগঠন বা ধারার নেতা—আমীর, প্রধান বা মুরব্বীর দায়িত্ব পালন করি। তখন আমি কেবল একজন ব্যক্তি নই; আমি একটি প্রতিষ্ঠান, একটি আদর্শ এবং একটি সম্মিলিত পরিচয়ের প্রতীক।

ফলে আমার করা যেকোনো সমালোচনার দায় ব্যক্তিগত সীমা অতিক্রম করে সংশ্লিষ্ট দল, সংগঠন বা ঘরানার ওপরও বর্তায়। আমার ভাষা, আচরণ ও ভঙ্গি তখন নেতৃত্বের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

নেতা হিসেবে আমার ভাষা যদি মার্জিত হয় ও ভঙ্গি যদি শালীন হয় এবং তথ্য যদি যথার্থ হয়, তবে তা আমার দল ও সংগঠনের মর্যাদা বাড়ায়।

বিপরীতে অশ্রাব্য ও অমার্জিত ব্যবহার এবং অমূলক তথ্য শুধু আমাকে নয়, বরং আমার সংগঠনের চরিত্রকেও প্রশ্নবিদ্ধ করে।

কারণ নেতৃত্বের চরিত্রই অনুগামীদের সার্বিক আচরণে প্রতিফলিত হয়। প্রচলিত উক্তি— “الناس على دين ملوكهم” —এ কথাটিই ইঙ্গিত করে: নেতা যেমন হন, অনুসারীরাও তেমন হতে প্রভাবিত হয়।

ধরা যাক, একজন নেতা যদি ভদ্র, সংযত ও মার্জিত হন, তবে তাঁর অনুসারীরা সামগ্রিকভাবে সেই মূল্যবোধেই গড়ে ওঠার প্রবণতা রাখে।

অন্যদিকে নেতা যদি উগ্রমেজাজী ও রুক্ষ স্বভাবের হন, তবে তাঁর অনুসারীদের মাঝেও একই বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটার সম্ভাবনা প্রবল।

কবির সুন্দর বাণীটি এখানে প্রাসঙ্গিক—

“عَنِ المَرءِ لا تَسأَل وَسَل عَن قَرينَهُ، فَكُلُّ قَرينٍ بِالمُقارِنِ يَقتَدي”

অর্থাৎ, কারো সম্পর্কে জানতে চাইলে তার সঙ্গীকে দেখো; কারণ প্রত্যেক মানুষই তার সঙ্গীর অনুসরণ করে।