فرد قائم ربطِ ملت سے ہے، تنہا کچھ نہیں
موج ہے دریا میں اور بیرونِ دریا کچھ نہیں
আলিমরা হলেন সমাজের আলোকবর্তিকা। তাঁদের কাছ থেকে মানুষ সত্য ও সুন্দরের চর্চা, ন্যায় ও ইনসাফের শিক্ষা, আখলাক ও মানবিক মূল্যবোধের বিকাশ প্রত্যাশা করে। তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, আচরণ ও জীবনাচরণ সাধারণ মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হওয়ার কথা। মানুষ তাঁদের দেখে সত্য, ন্যায়, ইনসাফ ও নৈতিকতার প্রতি আকৃষ্ট হবে—এটাই স্বাভাবিক প্রত্যাশা।
কিন্তু আমাদের সমাজে বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই এই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দুঃখজনকভাবে, আলিমদের একটি অংশের কথাবার্তা, আচরণ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। তাঁদের রুচিবোধ, আখলাক, শালীনতাবোধ ও সৌজন্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এমনকি তাঁদের কেউ কেউ সাধারণ মানুষের উপহাসের পাত্রে পরিণত হচ্ছেন; তাঁদের পারস্পরিক বাক্যবিনিময় ও কর্মকাণ্ড অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে।
যে শ্রেণির কাছ থেকে মানুষ নৈতিক ও আত্মিক উৎকর্ষের শিক্ষা প্রত্যাশা করে, তাঁদেরই একটি অংশের আচরণ যখন এ ধরনের প্রতিক্রিয়ার জন্ম দেয়, তখন তা নিঃসন্দেহে উদ্বেগজনক।
এ কথা অনস্বীকার্য যে,
আলিমদের মধ্যে চিন্তা, মতাদর্শ, ব্যাখ্যা ও অনুসৃত পদ্ধতির ভিন্নতা রয়েছে। ধর্মীয় জ্ঞানচর্চার ইতিহাসেও এ ধরনের মতপার্থক্য নতুন কিছু নয়। বরং ইজতিহাদি ও ব্যাখ্যাগত মতপার্থক্য জ্ঞানচর্চার একটি স্বাভাবিক অনুষঙ্গ।
তবে মতপার্থক্য প্রকাশ ও চর্চারও কিছু নীতিমালা, শিষ্টাচার ও বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলা রয়েছে। মতের বিরোধিতা করা যায়, যুক্তির অসংগতি তুলে ধরা যায়, এমনকি কোনো মতকে ভুল বা অগ্রহণযোগ্য বলেও অভিহিত করা যায়; কিন্তু এসবের কোনোটিই ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ, কটূক্তি কিংবা প্রতিপক্ষকে হেয় করার বৈধতা দেয় না।
দুর্ভাগ্যজনকভাবে,
আমাদের আলিমসমাজের একটি অংশের মধ্যে মতপার্থক্য চর্চার ক্ষেত্রে এসব নীতি ও শিষ্টাচার যথাযথভাবে অনুসৃত হচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে নিজ নিজ মত ও অবস্থানের প্রতি একধরনের চরম আত্মতুষ্টি লক্ষ করা যায়। كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ—প্রত্যেক দলই নিজ নিজ অবস্থান নিয়ে আত্মতুষ্ট! নিজেরাই কেবল হকের ওপর প্রতিষ্ঠিত, অন্যরা বাতিল, ভ্রান্ত কিংবা গোমরাহ—এমন একচোখা মানসিকতা তাঁদের পারস্পরিক সম্পর্ককে অসহিষ্ণু ও সংঘাতমুখী করে তুলছে।
আমাদের দেশে আলিমসমাজকে মোটাদাগে কয়েকটি প্রধান ঘরানায় বিভক্ত অবস্থায় দেখা যায়। এর মধ্যে রয়েছে—এক. কওমি ঘরানা; দুই. বেরেলভি ঘরানা; তিন. আহলে হাদিস ঘরানা; চার. উপর্যুক্ত তিন ঘরানার বাইরে বিভিন্ন সুফি দরবার ও তরিকার সঙ্গে সম্পৃক্ত আলিমসমাজ; এবং পাঁচ. জামায়াতপন্থী আলিমসমাজ—এ ঘরানায় বেরেলভি ঘরানা ছাড়া অন্য ধারাগুলোর আলিমদেরও কমবেশি উপস্থিতি রয়েছে।
উল্লেখ্য,
এসব ঘরানার প্রত্যেকটিরই নিজস্ব অনুসারী, সমর্থক ও ভক্তগোষ্ঠী রয়েছে। সংখ্যার দিক থেকে তাদের মধ্যে পার্থক্য থাকলেও সমাজে প্রত্যেকেরই কমবেশি প্রভাব ও অবস্থান রয়েছে।
দুঃখজনক বাস্তবতা হলো,
এসব ঘরানার মধ্যে অনেক ক্ষেত্রেই একধরনের অস্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতাবোধ কাজ করে। ঘরানাগত অনুসারীদের মধ্যেও পারস্পরিক বিরোধ ও বিদ্বেষের প্রবণতা লক্ষ করা যায়। একে অপরের কর্মকাণ্ড, বক্তব্য ও অবস্থানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করার পরিবর্তে অনেক সময় নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলে। ফলে উম্মাহ, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে যে জ্ঞান, মেধা, শ্রম, সময় ও সাংগঠনিক শক্তি ব্যয়িত হওয়ার কথা, তার উল্লেখযোগ্য অংশ নিজেদের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাতেই নিঃশেষ হয়ে যাচ্ছে।
এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে,
সমাজের বৃহত্তর নৈতিক ও আদর্শিক সংকট মোকাবিলায় আলিমসমাজের সম্মিলিত সক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ধর্মহীনতা, ধর্মবিদ্বেষ, নৈতিক অবক্ষয়, অশ্লীলতা, অন্যায় ও অমানবিকতার বিস্তার—এসব বিষয়ে আলিমসমাজের সম্মিলিতভাবে কথা বলা এবং কার্যকর ভূমিকা পালন করার প্রয়োজন রয়েছে।
কিন্তু বাস্তবতা হলো,
অনেক ক্ষেত্রে এসব অভিন্ন কমন চ্যালেঞ্জের তুলনায় নিজেদের ঘরানার বাইরের আলিমদেরই তাঁরা বড় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। ফলে যেসব বিষয়ে তাঁদের মধ্যে ন্যূনতম ঐকমত্য ও সহযোগিতা থাকা প্রয়োজন, সেসব বিষয়েও দূরত্ব ও অবিশ্বাস তৈরি হচ্ছে।
এভাবে নিজেদের মধ্যকার বিরোধে শক্তি ক্ষয় করতে করতে তাঁরা বৃহত্তর সামাজিক ও নৈতিক সংকট, ধর্মবিদ্বেষ ও ধর্মহীনতার মোকাবিলার প্রয়োজনীয় শক্তিসামর্থ্য ও নৈতিক বল হারাচ্ছেন।
অবশ্য এ কথাও স্বীকার করতে হবে যে,
প্রত্যেক ঘরানার মধ্যেই কমবেশি জ্ঞানী, চিন্তাশীল, রুচিবান, প্রজ্ঞাসম্পন্ন ও উম্মাহদরদি আলিম রয়েছেন। তাঁদের জ্ঞানচর্চা, দায়িত্বশীল বক্তব্য ও ইতিবাচক ভূমিকা নিজ নিজ পরিমণ্ডল ছাড়িয়ে বৃহত্তর সমাজের জন্যও গুরুত্বপূর্ণ।
আবার প্রতিটি ঘরানাতেই এমন কিছু ব্যক্তিও রয়েছেন, যাঁদের কথাবার্তা ও আচরণে রুচিবোধ, সৌজন্য, শালীনতা ও সংযমের যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়। কারও কারও জ্ঞানগত প্রস্তুতিও প্রচণ্ড প্রশ্নসাপেক্ষ। তাঁদের বক্তব্যে প্রায়ই বাড়াবাড়ি, অসংযম ও সীমালঙ্ঘনের প্রবণতা দেখা যায়।
এ ধরনের ব্যক্তিরা শুধু বৃহত্তর আলিমসমাজের ভাবমূর্তিই ক্ষুণ্ন করেন না, নিজ নিজ ঘরানার জন্যও বিব্রতকর ও ক্ষতিকর হয়ে ওঠেন। কওমি, বেরেলভি, আহলে হাদীস কিংবা জামায়াতপন্থী—কোনো একটি ঘরানার মধ্যেই এ ধরনের প্রবণতা সীমাবদ্ধ নয়; কমবেশি সব ধারাতেই এর উপস্থিতি রয়েছে। তাই সমালোচনার ক্ষেত্রেও ঘরানাগত পক্ষপাত পরিহার করে নীতিগত ও বস্তুনিষ্ঠ অবস্থান গ্রহণ করা প্রয়োজন।
আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিমসমাজের এসব বিচ্যুতি ও অসংগতির বিষয়ে কখনো সরাসরি, কখনো ইঙ্গিতপূর্ণভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। সমসাময়িক কয়েকজন আলোচিত ব্যক্তিত্বের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়েও লিখেছি। এ প্রসঙ্গে মুফতি আমীর হামজা এমপি ও মাওলানা তারেক মুনাওয়ারের কিছু বক্তব্য ও কর্মকাণ্ড সম্পর্কে আমার পর্যবেক্ষণ প্রকাশ করেছি। এমনকি ড. মিজানুর রহমান আজহারির ‘এক নজরে কুরআন’ বইটির বিপণন ও প্রচারণার ধরন নিয়েও প্রশ্ন তুলেছি। একইভাবে, বায়তুল মুকাররমের সম্মানিত খতিব মাওলানা আবদুল মালেক সাহেবের গণভোটসংক্রান্ত অবস্থান নিয়েও আমার পর্যবেক্ষণ ও প্রশ্ন তুলে ধরেছি।
এসব আলোচনার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা ঘরানাকে হেয় করা নয়; বরং নীতি, শালীনতা, জ্ঞানগত দায়িত্বশীলতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রশ্নে প্রয়োজনীয় আত্মসমালোচনা ও সংশোধনের পরিবেশ তৈরি করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সমালোচনার ঊর্ধ্বে নয়—এ উপলব্ধি আলিমসমাজের মধ্যেও প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।
আমার বিবেচনায়, আলিমদের মধ্যকার সব মতপার্থক্য দূর করা বাস্তবসম্মত প্রত্যাশা নয়। অতীতেও এসব মতপার্থক্য ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্মীয় ব্যাখ্যা, চিন্তাগত অবস্থান ও অনুসৃত পদ্ধতির ভিন্নতা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা সম্ভবও নয়, বাস্তবসম্মতও নয়।
তাছাড়া বর্তমান ধর্মীয় ও মতার্দশিক বৈচিত্র্যময় সমাজ ও গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে। কারও চিন্তা বা বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করলেই তাঁর মত প্রকাশের অধিকার খর্ব করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রত্যেক ঘরানার আলিমই তাঁদের নিজস্ব মত, চিন্তা ও অবস্থান দলীল-প্রমাণসহকারে তুলে ধরুন; তবে তা যেন হয় পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ ও বুদ্ধিবৃত্তিক শিষ্টাচার বজায় রেখে—আক্রমণাত্মক, বিদ্বেষপূর্ণ কিংবা প্রতিহিংসাপরায়ণ ভঙ্গিতে নয়।
বিশেষভাবে মনে রাখা প্রয়োজন,
মতপার্থক্য কখনো দলাদলিতে, দলাদলি কখনো শত্রুতায় এবং শত্রুতা কখনো সংঘাত-সংঘর্ষে রূপ নেওয়া উচিত নয়। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও সহাবস্থানের ক্ষেত্র তৈরি করা সম্ভব। বিশেষত যেসব বিষয়ে আলিমদের মধ্যে অভিন্ন উদ্বেগ ও অবস্থান রয়েছে, সেসব বিষয়ে উম্মাহ, দেশ ও জাতির স্বার্থে তাঁদের পরস্পরের কাছাকাছি আসা প্রয়োজন। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়; বরং যেসব বিষয়ে ঐকমত্য সম্ভব, সেসব বিষয়ে সম্মিলিত ভূমিকা পালন করাই হওয়া উচিত তাঁদের অগ্রাধিকার।
কিন্তু দুঃখজনকভাবে,
সাম্প্রতিক সময়ে কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক বিরোধ এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে, এক ঘরানা অন্য ঘরানার প্রতিপক্ষ হয়ে উঠছে; এক পক্ষ অন্য পক্ষের মাহফিল ও কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে; এমনকি একে অপরকে প্রতিহত করার ঘোষণাও দেওয়া হচ্ছে। অথচ আজ আমি যদি কাউকে প্রতিহত করার ঘোষণা দিই, কাল যে তিনি বা তাঁর অনুসারীরা পাল্টা আমার কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেবেন না, তার নিশ্চয়তা কোথায়? এভাবে পাল্টাপাল্টি প্রতিহতের প্রবণতা চলতে থাকলে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা সহজেই অনুমেয়।
এ ধরনের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। কারণ, এর পরিণতি শুধু সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যকার সম্পর্কের অবনতিতেই সীমাবদ্ধ থাকবে না; বরং সামগ্রিক আলিমসমাজের সামাজিক গ্রহণযোগ্যতা, নৈতিক কর্তৃত্ব ও জনআস্থাকেও আরও দুর্বল করে তুলবে।
যে সমাজে আলিমদের পারস্পরিক আচরণই অসহিষ্ণুতা ও সংঘাতের দৃষ্টান্ত হয়ে ওঠে, সেখানে তাঁদের নৈতিক শিক্ষা ও উপদেশের কার্যকারিতা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে।
এখানে একটি মৌলিক বিষয় উপলব্ধি করা জরুরি: কোনো ঘরানার আলিমদের বাড়াবাড়ি, ভুল বক্তব্য কিংবা অনভিপ্রেত কর্মকাণ্ডের প্রতিবাদ ও সমালোচনা অবশ্যই করা যেতে পারে; প্রয়োজন হলে কঠোর ভাষায় যুক্তিনির্ভর সমালোচনাও করা যেতে পারে।
কিন্তু এক পক্ষ অপর পক্ষের মাহফিল ও কর্মসূচিতে বাধা দেওয়া, পাল্টা মাহফিল ও কর্মসূচির মাধ্যমে প্রতিহত করার চেষ্টা কিংবা সামাজিকভাবে কোণঠাসা করার কৌশল কোনো স্থায়ী সমাধান নয়। বরং এসব পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল ও সংঘাতমুখী করে তুলতে পারে। এতে মতপ্রকাশের স্বাধীনতা, পারস্পরিক সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি—সবকিছুই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
স্মরণ রাখা দরকার,
আলিমদের পারস্পরিক বিরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাঁদের নিজেদের সামাজিক অবস্থান ও নৈতিক গ্রহণযোগ্যতা। তাঁদের প্রতি মানুষের যে শ্রদ্ধা, আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা একবার ক্ষুণ্ন হলে পুনরুদ্ধার করা সহজ নয়।
অন্যদিকে,
তাঁদের অভ্যন্তরীণ বিভাজনের সুযোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অশ্লীলতা, ধর্মবিদ্বেষ, নৈতিক অবক্ষয় ও অমানবিকতার প্রবণতা আরও বিস্তৃত হওয়ার অবকাশ তৈরি হয়। আলিমরা যখন একে অপরের পেছনে লেগে নিজেদের শক্তি ও সামর্থ্য ক্ষয় করেন, তখন তাঁরা শুধু নিজেদেরই দুর্বল করেন না; বরং বৃহত্তর উম্মাহ ও সমাজের প্রতিও তাঁদের দায়িত্ব পালনের সক্ষমতা হারান।
অতএব, আলিমসমাজের সামনে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—
মতপার্থক্যকে স্বাভাবিক জ্ঞানচর্চার পরিসরে সীমাবদ্ধ রাখা, পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রাখা এবং অভিন্ন স্বার্থ ও চ্যালেঞ্জের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা। কে কোন ঘরানার, কে কার অনুসারী কিংবা কে কোন মতাদর্শের প্রতিনিধিত্ব করেন—এসব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বৃহত্তর উম্মাহ, দেশ ও জাতির স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কারণ, আলিমদের শক্তি তাঁদের পারস্পরিক বিরোধে নয়; বরং তাঁদের জ্ঞান, নৈতিকতা, প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও সম্মিলিত কল্যাণমুখী ভূমিকার মধ্যেই নিহিত।
এ প্রসঙ্গে আল্লামা ইকবালের একটি তাৎপর্যপূর্ণ পঙ্ক্তি স্মরণ করা যেতে পারে—
فرد قائم ربطِ ملت سے ہے، تنہا کچھ نہیں
موج ہے دریا میں اور بیرونِ دریا کچھ نہیں
অর্থাৎ,
ব্যক্তি হিসেবে আমি বিচ্ছিন্নভাবে কিছুই নই; বৃহত্তর মিল্লতের সঙ্গে সংযোগ ও পারস্পরিক সহযোগিতার মধ্যেই আমার শক্তি, সম্মান ও সার্থকতা নিহিত। বিচ্ছিন্নতা ও বিভাজন কাউকে প্রকৃত অর্থে শক্তিশালী কিংবা সম্মানিত করে না; বরং তা একদিকে সম্মিলিত শক্তিকে খণ্ডিত ও দুর্বল করে, অন্যদিকে ব্যক্তির নিজস্ব শক্তি ও মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
যেমন, সমুদ্রের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থাতেই একটি তরঙ্গের অস্তিত্ব, শক্তি ও সৌন্দর্য; সমুদ্র থেকে বিচ্ছিন্ন হলে তার স্বতন্ত্র কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকে না।
আলিমদের ক্ষেত্রেও বিষয়টি সমভাবে প্রযোজ্য। আলিমদের ক্ষেত্রেও বিষয়টি সমভাবে প্রযোজ্য। মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও বৃহত্তর উম্মাহর স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে একদিকে ব্যক্তির সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়, অন্যদিকে তাঁদের সম্মিলিত শক্তি ও সামাজিক গ্রহণযোগ্যতাও সুদৃঢ় হয়।