ক্ষমতা—তা অল্প হোক কিংবা বেশি—অনেকের জন্যই একধরনের নেশার মতো। কেউ একবার ক্ষমতার স্বাদ পেলে তা ছেড়ে দিতে সহজে প্রস্তুত হয় না; বরং কীভাবে সেই ক্ষমতা ধরে রাখা যায়, কীভাবে তার মেয়াদ দীর্ঘায়িত করা যায়—সেই চিন্তাই ক্রমে মুখ্য হয়ে ওঠে।

ব্যক্তি পর্যায়ে যেমন এ প্রবণতা দেখা যায়, রাজনৈতিক দলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না।

কোনো দল একবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে অনেক সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের চেয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। বোধ হয় তারা ভুলে যায়, ক্ষমতা অর্জন করা আর ক্ষমতার স্থায়ী মালিক বনে যাওয়া এক বিষয় নয়। ক্ষমতা কারও জন্য স্থায়ী নয়; কিন্তু ক্ষমতার স্বাদ একবার পেলে অনেকেই যেন এই সহজ সত্যটি বিস্মৃত হয়ে যায়।

ক্ষমতায় যাওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য সুদৃঢ় করা, রাজনৈতিক বিভেদ কমিয়ে আনা এবং ভিন্নমত ও ভিন্নপক্ষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করা।

পরিতাপের বিষয়,

অনেক ক্ষেত্রে এর বিপরীত প্রবণতাই লক্ষ করা যায়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে বিভেদের রাজনীতি প্রাধান্য পায়; প্রতিপক্ষকে আস্থায় নেওয়ার পরিবর্তে কোণঠাসা করার প্রবণতা দেখা দেয়। মনে হয়, ক্ষমতায় যাওয়ার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেয়ে ক্ষমতাকে একচ্ছত্রভাবে কুক্ষিগত করার নেশাই তাদের বেশি পেয়ে বসে।

জাতীয় ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি অনুভূত হওয়ার কথা ক্ষমতায় অধিষ্ঠিত দলেরই; অথচ অনেক সময় বিভেদের রাজনীতির সূচনাও তাদের হাতেই ঘটে। Divide and Rule—ই যেন তাদের রাজনৈতিক কৌশলে পরিণত হয়। যে দলের কাছ থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার নেতৃত্ব প্রত্যাশিত, তারাই যখন বিভাজনের রাজনীতিতে নেতৃত্ব দেয়, তখন পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক হয়ে ওঠে।

বস্তুত, কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা কেবল তার জন্য জনসমর্থন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগই তৈরি করে না, একই সঙ্গে তার দায়িত্ব ও জবাবদিহিও বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষত জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সব মত ও পক্ষকে সঙ্গে নিয়ে ঐকমত্য গড়ে তোলা, রাজনৈতিক সহনশীলতা প্রদর্শন এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কিন্তু কোনো দল যদি এই দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা, ভিন্নমতকে দমন করা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠায় অধিক মনোযোগী হয়, তাহলে তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করে তোলে।

এ ধরনের কৌশল ক্ষমতাসীন দলের কাছে সাময়িকভাবে ক্ষমতা সংহত করার কার্যকর উপায় বলে মনে হতে পারে। কিন্তু ক্ষমতা সংহত করা আর রাজনৈতিক গ্রহণযোগ্যতা অর্জন করা যে এক বিষয় নয়—তা অনেক সময় ক্ষমতাসীনরা উপলব্ধি করতে চায় না।

ক্ষমতা ধরে রাখার তাড়নায় কোনো কোনো দল এমনভাবে প্রতিপক্ষকে দূরে ঠেলে দেয় যে,

একসময় তারা বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা থেকেও দূরে সরে যায়।

অর্থাৎ ক্ষমতা ধরে রাখার জন্য যারা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে, একসময় তারাই জনগণের আস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ মেয়াদে এ প্রবণতা রাজনৈতিক আস্থার সংকট, সামাজিক বিভক্তি এবং সরকারের প্রতি জনঅসন্তোষ বাড়িয়ে তোলে।

যে কৌশলে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হয়, সেই কৌশলই শেষ পর্যন্ত ক্ষমতার রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয় এবং পতনের পথ তৈরি করে।

কোনো রাজনৈতিক দলের সাফল্য কেবল কত দিন ক্ষমতায় থাকতে পারল—তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং ক্ষমতায় থাকাকালে সে কতটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারল, ভিন্নমতের প্রতি কতটা সহনশীলতা দেখাল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কতটা শক্তিশালী করল এবং জনগণের আস্থা কতটা অর্জন করতে পারল—তার ওপরই নির্ভর করে দলটির দীর্ঘমেয়াদি রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সাফল্য।

ক্ষমতাকে স্থায়ী করার আকাঙ্ক্ষা যত প্রবল হয়, জনআস্থা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার গুরুত্ব তত বেশি উপলব্ধি করা প্রয়োজন।