আলিমগণ নিঃসন্দেহে সম্মান ও মর্যাদার অধিকারী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইলম ও ইলমের ধারকদের বিশেষ মর্যাদা রয়েছে। একই সঙ্গে জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন যে কোনো সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক উৎকর্ষ ও সামগ্রিক কল্যাণের জন্য অপরিহার্য। সুতরাং আলিমদের প্রতি সমাজের শ্রদ্ধা ও সম্মান প্রত্যাশা করা অযৌক্তিক নয়।

কিন্তু প্রশ্ন হলো,

আসলেই কি আমাদের এমন কোনো বিশেষত্ব রয়েছে, যার ভিত্তিতে আমরা সমাজের কাছে এত সম্মান ও মর্যাদা প্রত্যাশা করতে পারি?

এই সম্মান কি কেবল আমাদের পরিচয়, পদবি কিংবা বাহ্যিক বেশভূষার কারণে প্রাপ্য বলে মনে করি?

শুধু আলিম পরিচয় বহন করলেই কি সমাজের শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসা অর্জিত হয়?!!

যদি আমাদের মধ্যে এমন ধারণা কাজ করে যে, আলিম পরিচয়ই বিশেষ সম্মান পাওয়ার জন্য যথেষ্ট, তাহলে তা নিঃসন্দেহে আত্মপ্রবঞ্চনার শামিল।

প্রকৃতপক্ষে,

ইলমের মর্যাদা তখনই ব্যক্তির জীবনে অর্থবহ হয়ে ওঠে, যখন তা তার চিন্তা, চরিত্র ও আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটায়। ইলম যদি আমাদের মধ্যে সত্যনিষ্ঠা, হকের পক্ষে অবিচলতা, ত্যাগের মানসিকতা, ন্যায়পরায়ণতা, নৈতিক দৃঢ়তা, আত্মমর্যাদাবোধ ও আল্লাহভীতি তৈরি করতে না পারে; যদি তা আমাদের আধ্যাত্মিক উৎকর্ষ, সৌজন্যবোধ ও রুচিশীল আচরণের বিকাশে ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে সেই ইলমের সামাজিক ও নৈতিক তাৎপর্য প্রশ্নের মুখে পড়ে।

বিশেষত,

ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিদের আনুকূল্য লাভের জন্য অযাচিত তোষামোদ, স্বার্থসিদ্ধির জন্য নীতির সঙ্গে আপস এবং সুযোগ-সুবিধার আশায় অবস্থান পরিবর্তনের প্রবণতা যখন কোনো আলিমের আচরণে দৃশ্যমান হয়, তখন তাঁর ইলমের মর্যাদা ও ব্যক্তিগত অবস্থানের মধ্যে স্পষ্ট ব্যবধান তৈরি হয়।

এখানে আমাদের নিজেদের একটি প্রশ্ন করা প্রয়োজন:

ক্ষমতাসীন ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে গিয়ে যদি আমরা আত্মমর্যাদা ও নীতিনিষ্ঠা বিসর্জন দিই, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে বিশেষ মর্যাদা প্রত্যাশা করার নৈতিক ভিত্তি কোথায়?!

আমরা ইলমের মর্যাদা প্রত্যাশা করি, অথচ অনেক সময় নিজেদের আচরণেই সেই ইলমের মর্যাদা ক্ষুণ্ন করি। এটি নিছক ব্যক্তিগত দুর্বলতা নয়; এর নেতিবাচক প্রভাব কখনো কখনো সামগ্রিক আলিমসমাজের ভাবমূর্তির ওপরও পড়ে।

আরও উদ্বেগজনক হলো,

কোনো কোনো ক্ষেত্রে আমাদের কথাবার্তা, পারস্পরিক আচরণ, মতপার্থক্য প্রকাশের ধরন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক সংলাপেও প্রত্যাশিত সৌজন্য ও পরিশীলনের অভাব পরিলক্ষিত হয়। আমরা অনেক সময় পরস্পরের গীবত, নিন্দা, কুৎসা রটনা এবং অশ্রাব্য ও অশালীন ভাষার ব্যবহারে লিপ্ত হই। মতপার্থক্যকে যুক্তি ও শালীনতার সঙ্গে উপস্থাপনের পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ ও গালাগালির মাধ্যমে প্রকাশ করি।

অথচ একজন আলিমের কাছ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা কেবল ধর্মীয় জ্ঞানের নয়; বরং তাঁর আচরণ, ব্যক্তিত্ব, নৈতিক দৃঢ়তা ও জীবনাচরণেও সেই জ্ঞানের প্রতিফলন দেখার। মানুষ আলিমের কাছে শুধু ইলমের বাণী শুনতে চায় না, তাঁর জীবনে সেই ইলমের বাস্তব প্রতিফলনও দেখতে চায়।

পোশাক ও পরিচয় মানুষকে আলিম হিসেবে চিহ্নিত করতে পারে, কিন্তু চরিত্র ও আচরণই তাঁকে প্রকৃত অর্থে শ্রদ্ধার পাত্র করে তোলে। প্রাতিষ্ঠানিক পদমর্যাদা কিংবা বাহ্যিক পরিচিতি হয়তো কাউকে সাময়িক আনুষ্ঠানিক মর্যাদা দিতে পারে, কিন্তু প্রকৃত শ্রদ্ধা অর্জিত হয় জ্ঞান, চরিত্র, নৈতিক দৃঢ়তা, ব্যক্তিত্ব ও আচরণের মাধ্যমে।

এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে আলিম পরিচয়ও প্রত্যাশিত সম্মান নিশ্চিত করতে পারে না; বরং ব্যক্তির আচরণ ও অবস্থানের কারণে আলিমসমাজের সামগ্রিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অতএব,

আলিমসমাজের সম্মান ও মর্যাদা রক্ষার প্রথম দায়িত্ব আলিমদের নিজেদেরই। সম্মানহানির জন্য কেবল সাধারণ মানুষ, সামাজিক পরিবর্তন কিংবা সময়ের বাস্তবতাকে দায়ী করে আত্মতৃপ্তির সুযোগ নেই।

আমাদের নিজেদের আচরণ, নৈতিক অবস্থান, ক্ষমতাকেন্দ্রিক আনুগত্য, আপসকামিতা এবং পারস্পরিক সম্পর্কের ধরনও আত্মসমালোচনার সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমাদের সম্মান হারানোর জন্য অন্যদের চেয়ে আমরাই বেশি দায়ী। অন্যের কাছ থেকে সম্মান প্রত্যাশা করার আগে নিজেদের এমনভাবে গড়ে তোলা জরুরি, যাতে আমাদের ইলম, আমল, চরিত্র ও ব্যক্তিত্ব স্বতঃস্ফূর্তভাবেই সেই সম্মান অর্জন করতে পারে।

এই প্রসঙ্গে প্রখ্যাত আবিদ ও জাহিদ ফুদাইল ইবনু ‘ইয়াদ (রাহ.) (১০৫–১৮৭ হি.)-এর একটি বক্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। তাঁর বক্তব্যে আলিমসমাজের আত্মমর্যাদাবোধ, ইলমের মর্যাদা রক্ষা এবং দুনিয়াবি স্বার্থে ইলমের অপব্যবহারের পরিণতি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে।

তিনি বলেন:

“যদি আলিমগণ নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতেন, দীনের ব্যাপারে প্রবল উৎসাহ ও নিষ্ঠা ধারণ করতেন, ইলমের মর্যাদা সংরক্ষণ করতেন এবং একে আল্লাহর নির্দেশিত পথে ও যথাস্থানে ব্যবহার করতেন, তাহলে প্রচণ্ড প্রতাপশালীদের গর্দানও তাঁদের সামনে নত হয়ে যেত। জনগণ তাঁদের আনুগত্য করত এবং তাঁদের একান্ত অনুসারী হয়ে উঠত। অধিকন্তু, দীন ও মিল্লত শক্তিশালী হতো।

কিন্তু পরিতাপের বিষয়, তাঁরা নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারেননি। তাঁদের দুনিয়াবি স্বার্থে কোনো বিঘ্ন না ঘটলে দীনের কী ক্ষতি হলো, তা নিয়ে তাঁরা কোনো চিন্তাভাবনা করেন না। বরং দুনিয়াদারদের স্বার্থ রক্ষার কাজে নিজেদের ইলমকে যথেচ্ছ ব্যবহার করেছেন, যাতে তাঁদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধাগুলো অনায়াসে লাভ করতে পারেন।

এর পরিণতিতে তাঁরা নিজেরাই মানুষের সামনে লাঞ্ছিত ও অপদস্থ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন! কতই না ভয়াবহ বিপদ!”