বিভিন্ন পেশাজীবীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ ও কল্যাণ সাধনের লক্ষ্যে যেমন বিভিন্ন সংগঠন গড়ে ওঠে,
তেমনি ওয়ায়িজদের মধ্যেও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং তাঁদের দাওয়াতি কার্যক্রমকে অধিকতর সুশৃঙ্খল ও কার্যকর করার উদ্দেশ্যে সংগঠন গড়ে তোলা যেতে পারে।
তবে এ ধরনের সংগঠনের উদ্দেশ্য যদি বৃহত্তর আলিমসমাজ থেকে বিচ্ছিন্নতা সৃষ্টি কিংবা পারস্পরিক দূরত্ব বাড়ানো হয়, তাহলে তা কোনোভাবেই কাম্য নয়।
আমাদের সমাজেও বিভিন্ন ধারার আলিম-উলামা, মাশায়িখ ও ওয়ায়িজদের সমন্বয়ে বেশ কিছু সংগঠন গড়ে উঠেছে। এর মধ্যে মজলিসুল মুফাসসিরীন, বাংলাদেশ উল্লেখযোগ্য। এটি জামায়াতপন্থী ওয়ায়িজদের একটি বৃহৎ সংগঠন। মাঠপর্যায়ে ওয়াজ ও তাফসীরের সঙ্গে সম্পৃক্ত বিপুলসংখ্যক আলিম এ সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন।
ফলে ওয়াজ ও তাফসীরের ক্ষেত্রে তাঁদের বক্তব্য, আচরণ ও উপস্থাপনার মানদণ্ড নির্ধারণ এবং তা নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
আমার বিবেচনায়,
এ ধরনের সংগঠনের সদস্যদের জন্য সুনির্দিষ্ট আচরণগত ও ভাষাগত মানদণ্ড থাকা প্রয়োজন। বিশেষত ওয়াজ ও তাফসীরের মঞ্চে বক্তব্য প্রদানের ক্ষেত্রে শালীনতা, সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল ভাষার ব্যবহার, ইখতিলাফের শিষ্টাচার অনুসরণ এবং ইলমি আলোচনার উপযোগী রুচিবোধ বজায় রাখার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত।
সংগঠনটির এমন কোনো নীতিমালা ইতোমধ্যে রয়েছে কি না, তা আমার জানা নেই। তবে থাকলে তার যথাযথ প্রয়োগ এবং না থাকলে তা প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করি।
কোনো সদস্য এসব নীতিমালা লঙ্ঘন করলে প্রথম পর্যায়ে তাঁকে সতর্ক করা এবং সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু সতর্ক করার পরও যদি তাঁর আচরণে পরিবর্তন না আসে, তাহলে সংগঠন তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে; প্রয়োজনে তাঁর সদস্যপদ বাতিল করবে। ক্ষেত্রবিশেষে গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপ যথাযথভাবে জনসমক্ষে প্রকাশ করাও প্রয়োজন।
এতে সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
একই সঙ্গে যেসব জ্যেষ্ঠ মুফাসসির বা ওয়ায়িজ দীর্ঘদিন ধরে বক্তব্যের অসংযম, উদ্ভট ও অরুচিকর কথাবার্তা, অশালীন ভাষার ব্যবহার, দায়িত্বহীন আচরণ কিংবা আত্মম্ভরিতার কারণে বিতর্কিত হয়ে উঠেছেন, তাঁদের ব্যাপারেও সংগঠনকে সুস্পষ্ট ও দৃঢ় নীতিগত অবস্থান গ্রহণ করতে হবে।
ব্যক্তির পরিচিতি, জনপ্রিয়তা কিংবা জ্যেষ্ঠতা যেন সাংগঠনিক মানদণ্ডের ঊর্ধ্বে স্থান না পায়। বরং সংগঠনের ভাবমূর্তি ও নৈতিক অবস্থান রক্ষার স্বার্থে তাঁদেরকে কোনো সাংগঠনিক দায়িত্বে অধিষ্ঠিত না করা এবং সংগঠনের কর্মসূচিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংগঠনের নীতিমালা ও প্রমাণিত তথ্যের ভিত্তিতে তাঁদের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে প্রাতিষ্ঠানিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও প্রকাশ্যে স্পষ্ট করা যেতে পারে।
এ ক্ষেত্রে আরও একটি বাস্তবতা বিবেচনায় রাখা দরকার।
যাঁরা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ধরনের ভাষা, আচরণ ও উপস্থাপনার চর্চা করে আসছেন এবং এ কারণে বিতর্কিত হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা খুব একটা বাস্তবসম্মত নয়। দীর্ঘদিনের অভ্যাস ও চর্চা অনেক সময় ব্যক্তির রুচিবোধ ও আচরণগত বৈশিষ্ট্যকে গভীরভাবে প্রভাবিত করে। ফারসি প্রবাদে আছে— جبل گردد جبلت نگردد (পাহাড় পরিবর্তিত হতে পারে, কিন্তু স্বভাব-প্রকৃতি সহজে পরিবর্তিত হয় না)।
সুতরাং এ ধরনের বিতর্কিত ওয়ায়িজ ও মুফাসসিরদের ব্যাপারে তাঁরা যতই প্রভাবশালী, জনপ্রিয় কিংবা খ্যাতিমান হোন না কেন, সংগঠনের অবস্থান সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হওয়া জরুরি।
তাঁদের অনাকাঙ্ক্ষিত বক্তব্য ও আচরণের দায় যেন কোনোভাবেই সংগঠনের ওপর বর্তায় না এবং তাঁদের কর্মকাণ্ডের কারণে সংগঠন যেন বিতর্কিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে সংগঠনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে সংগঠনের নিজস্ব অবস্থান জনসমক্ষে তুলে ধরা উচিত।