বর্তমান প্রজন্ম—বিশেষত জেন-জি ও জেন-আলফা—সম্পর্কে আমাদের অনেক আলিমের ধারণা ও মূল্যায়ন দেখে কখনো কখনো বিস্মিত হতে হয়। তাঁদের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি থেকেই সহজেই অনুমান করা যায়, তাঁদের অনেকেই সমকালীন সমাজ ও বাস্তবতা থেকে কতটা পিছিয়ে আছেন!!
মনে হয়,
তাঁরা এখনো পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও বাস্তবতার নিরিখেই নতুন প্রজন্মকে বিচার করতে অভ্যস্ত। অথচ সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজের চিন্তা, জ্ঞানচর্চা, তথ্যপ্রাপ্তির সুযোগ এবং বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলেও যে আমূল পরিবর্তন ঘটেছে, তা উপলব্ধি করতে না পারলে নতুন প্রজন্মকে বোঝা তো দূরের কথা, তাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করাও কঠিন হয়ে পড়বে।
আমরা এখন বাস করছি তথ্যবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। এ যুগে আট-দশ বছরের একটি শিশুও এআই ব্যবহার করে তার পাঠ্যবিষয়ক নানা জিজ্ঞাসার উত্তর খুঁজে নিচ্ছে, জীবন ও জগৎ সম্পর্কে নতুন নতুন বিষয় শিখছে এবং নিজের জানার পরিধি বাড়াচ্ছে।
আমার আট বছরের ছেলেও এআইয়ের সহায়তায় তার পড়াশোনার অনেক বিষয় বুঝে নেয়। এমনকি, মহাবিশ্ব সম্পর্কে সে এআইয়ের কাছ থেকে যেসব বিষয় জেনেছে, তার অনেক কিছুই আমার কাছেও নতুন। অর্থাৎ, যে তথ্য ও প্রযুক্তির সঙ্গে আমাদের অনেকের এখনো নতুন করে পরিচয় ঘটছে, নতুন প্রজন্মের কাছে তা ইতোমধ্যে জ্ঞান আহরণের স্বাভাবিক মাধ্যম হয়ে উঠেছে।
সুতরাং,
নতুন প্রজন্মকে এখনো অজ্ঞ, সরল কিংবা সহজে প্রভাবিত করা যায়—এমন ধারণা নিয়ে কথা বলার অবকাশ নেই। তাদের সামনে মনগড়া তথ্য, ভিত্তিহীন দাবি, অসংগত ব্যাখ্যা কিংবা অতিরঞ্জিত বক্তব্য উপস্থাপন করে পার পাওয়ার দিন কার্যত শেষ। বরং যিনি এসব ধারণা নিয়ে কথা বলবেন, তাঁকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।
কারণ,
একটি স্মার্টফোনই এখন তাদের সামনে তথ্যের বিশাল জগৎ উন্মুক্ত করে দিচ্ছে। কোনো বক্তব্যের সত্যতা, যৌক্তিকতা কিংবা গ্রহণযোগ্যতা তারা মুহূর্তেই যাচাই করে নিতে পারছে। কোনো শিক্ষক কিংবা আলিমের শরণাপন্ন না হয়েও তারা এমন অনেক বিষয় জানতে ও শিখতে পারছে, যা আমাদের প্রজন্মের কাছে ওই বয়সে প্রায় কল্পনাতীত ছিল।
এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন—
তথ্যপ্রাপ্তির সহজলভ্যতা মানেই গভীর জ্ঞান বা প্রজ্ঞা অর্জন নয়। নতুন প্রজন্মের জানাশোনার সঙ্গে অভিজ্ঞতা, বিচারবোধ ও পরিপক্বতার পার্থক্য থাকতেই পারে। কিন্তু সে কারণে তাদের জানার আগ্রহ, প্রশ্ন করার প্রবণতা কিংবা তথ্য যাচাইয়ের সক্ষমতাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।
বরং তাদের সঙ্গে কথা বলতে হলে নিজেদের জ্ঞান ও চিন্তার পরিধিও সমসাময়িক বাস্তবতার আলোকে সমৃদ্ধ করতে হবে। শুধু বয়স, পদমর্যাদা কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে কেউ প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন—এমন ধারণা এ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়।
অতএব,
নতুন প্রজন্মের সামনে কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীলতা, তথ্যের যথার্থতা এবং বুদ্ধিবৃত্তিক সতর্কতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। বিশেষ করে দ্বীনি বিষয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে এ দায়িত্ব আরও বেশি।
শুধু আবেগ, কর্তৃত্ব কিংবা ধর্মীয় পরিচয়ের জোরে কোনো বক্তব্য প্রতিষ্ঠা করার দিন আর নেই। বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য তথ্য, সুসংগত যুক্তি এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে হবে। কোনো বিষয়ে না জানলে তা স্বীকার করার মানসিকতাও থাকতে হবে।
মনে রাখতে হবে, নতুন প্রজন্মকে অবমূল্যায়ন করে, তাদের প্রশ্ন করার অধিকারকে উপেক্ষা করে কিংবা ভিত্তিহীন বক্তব্য দিয়ে দ্বীনের খেদমত করা যায় না। বরং অসতর্ক, অযৌক্তিক ও দায়িত্বহীন বক্তব্যের মাধ্যমে দ্বীনকেই তাদের কাছে বিনোদনের খোরাক ও হাস্যস্পদ করে তোলার ঝুঁকি তৈরি হয়।
সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তথ্য ও জ্ঞান আহরণের পরিসরও বদলেছে। কিন্তু আমাদের অনেকের চিন্তাভাবনা যদি সেই পুরোনো জায়গাতেই আটকে থাকে, তাহলে নতুন প্রজন্মের কাছে হাসির খোরাক হওয়া বিচিত্র কিছু নয়।
দ্বীনের মর্যাদা রক্ষার স্বার্থেই কথা বলার আগে জানা, বোঝা ও যাচাই করার অভ্যাস গড়ে তুলুন। দ্বীনকে হাসির খোরাক বানাবেন না!!